২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহযোগিতা পেলে দুরূহ কাজটি সহজ হবে: সিইসি

সারা দেশে আগামী শনিবার থেকে শুরু হতে যাওয়া ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে সবার সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 12:14 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারা দেশে আগামী শনিবার থেকে শুরু হতে যাওয়া ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে সবার সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। সিইসি কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, ওই দিন ৬৪ জেলার একটি করে উপজেলায় তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। পর্যায়ক্রমে এ বছরের মধ্যে ভোটারযোগ্য সবার তথ্য সগ্রহ সম্পন্ন করা হবে। বৃহস্পতিবার বিকালে নির্বাচন কমিশন সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। শনিবার সকাল ১১টায় সাভারে বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি উদ্বোধন করবেন। তথ্য সংগ্রহসহ এ কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন সিইসি। তিনি বলেন, “সারা দেশে হালনাগাদের কাজটি দুরূহ। এজন্যে এক লাখের বেশি লোকবল কাজ করবে। জনগণসহ সবার সহযোগিতা পেলে এ দুরূহ কাজটি সহজ হয়ে যাবে।” কেউ ভুল তথ্য দিলে তাদের শনাক্ত করতে ও ধরিয়ে দিতে এলাকাবাসীর প্রতিও আহ্বান জানান তিনি। জাল ভোটার নিবন্ধনে কারাদণ্ড ও অর্থদণ্ডের শাস্তির কথাও স্মরণ করিয়ে দেন সিইসি। সিইসি জানান, এবার ভোটার তালিকা হালনাগাদে নতুন করে চারটি তথ্য যুক্ত করা হবে। এগুলো হলো- সংশ্লিষ্ট ভোটারের বাবা, মাতা, স্বামী/স্ত্রী ও জন্ম নিবন্ধনের পরিচিতি নম্বর (যদি সম্ভব হয়)। তবে ইতোমধ্যে যারা ভোটার হয়েছেন তাদের এ তথ্য প্রয়োজন নেই। ২০১৩ সালের জানুয়ারি পর্যন্ত যাদের বয়স ১৮ বছর বা এর চেয়ে বেশি হচ্ছে, ঠিকানা হালনাগাদ, নাম সংশোধন ও মৃতদের বাদ দিয়ে তালিকা হালনাগাদ হবে। প্রথম পর্যায়: প্রথম ধাপে তথ্য সংগ্রহ চলবে ৬৪ উপজেলায় ১০ মার্চ থেকে ২০ মার্চ, দ্বিতীয় ধাপে ৭৬ উপজেলায় এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে; দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে ১৪০টি করে উপজেলায় এবং চতুর্থ পর্যায়ে অক্টোবরে ৯২ উপজেলা ও সিটি কর্পোরেশনে তথ্য সংগ্রহের কাজ চলবে। তবে ছিটমহলবাসীদের ভোটার করার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান কাজী রকিব। সিইসি জানান, হালনাগাদ কর্মসূচিতে ৫৭ হাজার ৬০৭ জন তথ্য সংগ্রহকারী, ১১ হাজার ৫২১ জন সুপারভাইজার, ১৬২টি নিবন্ধন দল ও ২৩০ জন কারিগরি বিশেষজ্ঞ কাজ করবে। ছবি তোলাসহ নিবন্ধনের জন্য কেন্দ্র থাকবে ৫ হাজার ১১৫টি। ভোটার তালিকা হালনাগাদে আনুমানিক ৭০ লাখ ভোটার অন্তর্ভুক্ত হতে পারে। ইতোমধ্যে ভোটার রয়েছে ৮ কোটি ৬৪ লাখ ১০ হাজার ৩৫৬ জন। অবিতরণকৃত পরিচয়পত্র বিতরণ সিইসি জানান, ইতোমধ্যে যারা তালিকাভুক্ত হয়েছেন তাদের অনেকেই জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারেনি। সংশ্লিষ্টদের পরিচয়পত্রও হালনাগাদের সময় বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। সার্বিক বিষয়ে ইসি ব্যাপক প্রচারণা চালাবে বলে উল্লেখ করেন তিনি। সংবাদ সম্মেলনকালে নির্বাচন কমিশনার আবু হাফিজ, আবদুল মোবারক, জাবেদ আলী ও মো. শাহনেওয়াজ, ইসি সচিব মোহাম্মদ সাদিক, ভোটার তালিকা প্রণয়ন প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আখতারুজ্জামান সিদ্দিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৮১৩ ঘ. উপজেলার তালিকা দেখতে ক্লিক করুন