২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নির্বাচনে সমান সুযোগের দাবিতেই আন্দোলন’

কারো দয়ায় নয়, জনসমর্থন নিয়ে নিজেদের শক্ত পায়ে হেঁটে হেঁটেই বিএনপি ক্ষমতায় যাবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 09:21 AM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর টকম)- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরির লক্ষ্যেই নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে ভোটের দাবিতে আন্দোলন করছেন তারা। বৃহস্পতিবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীকে বলব, আমরা কারো দয়ায় নয়, জনসমর্থন নিয়ে নিজেদের শক্ত পায়ে হেঁটে হেঁটে ক্ষমতায় যাব। এ কারণে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে আমরা তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেছি।” বিরোধী দলের এই দাবি প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার আওয়ামী লীগের শোভাযাত্রায় বলেন, “এর আগে তত্ত্বাবধায়ক সরকার এসে উনাকে (খালেদা জিয়া) জেলে নিয়েছে। উনার দুই ছেলেকে ধরে নিয়ে উত্তম-মধ্যম দিয়েছে। আবার তত্ত্বাবধায়ক সরকার এলে যে তেমনটি হবে না- সেই নিশ্চয়তা কে তাকে দিয়েছে।” অবশ্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনে করেন, নিদর্লীয় সরকারের অধীনে নির্বাচন হলে ভরাডুবি হবে জেনেই সংবিধান সংশোধন করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিধান সংযোজন করেছে আওয়ামী লীগ। “কিন্তু এতে কোনো লাভ হবে না। দলীয় সরকারের অধীনে নির্বাচন এ দেশের জনগণ মেনে নেবে না”, বলেন ফখরুল। বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ‘পঞ্চম কারাবন্দি দিবস’ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভা হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। ২০০৮ সালে তিনি প্যারোলে মুক্তি পেয়ে ‘চিকিৎসার জন্য’ বিদেশে যান। সেই ‘অবৈধ’ তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর এবং বর্তমান মহাজোট সরকারের তিন বছরের মধ্যে ‘তুলনামূলক’ কোনো পার্থক্য নেই- এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বতর্মান সরকার গত তিন বছরে দেশের অর্থনীতিসহ সব কিছু ‘ধ্বংসস্তুূপে’ পরিণত করেছে। “কারণ আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, দেশকে পরনির্ভরশীল করার অ্যাসাইনমেন্ট নিয়ে আসে। তারা প্রতিবেশী দেশের বাজার সৃষ্টির জন্য ক্ষমতায় এসেছে”, বলেন তিনি। মহাসমাবেশ শান্তিপূর্ণ হবে ১২ মার্চের মহাসমাবেশ শান্তিপূর্ণভাবেই শেষ হবে- এমন আশা প্রকাশ করে ফখরুল বলেন, যতই বাধা দেওয়া হোক, সারা দেশ থেকে দেশপ্রেমিক মানুষ এ সমাবেশে অংশ নেবেন। কেউ এ জনস্রোত ঠেকাতে পারবে না। মহাসমাবেশের নামে নাশকতা সৃষ্টির অভিযোগ নাকচ করে তিনি বলেন, “আমরা কখনো নাশকতায় বিশ্বাস করি না। আমাদের মহাসমাবেশ হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ।” আগামী ১২ মার্চ নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মহাসমাবেশ করবে বিএনপি ও সমমনা দলগুলো। ড্যাব সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে এ আলোচনা সভায় অন্যদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শওকত মাহমুদ, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, সাংবাদিক এরশাদ মজুমদার, আবদুল আউয়াল ঠাকুর, ড্যাব মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৫১৬ ঘ.