চট্টগ্রাম, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের ধারায় মানুষকে উদ্বুদ্ধ করতে ‘চলো চলো ঢাকা চলো’ শিরোনামে একটি গানের অ্যালবাম এনেছে চট্টগ্রাম বিএনপি ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী তার মেহেদীবাগের বাসায় এই অ্যালবামের মোড়ক উন্মোচন করেন।
আমীর খসরুঅনুষ্ঠানে বলেন, “আমরা ভাংচুর ও সাংঘর্ষিক রাজনীতির ধারা থেকে একটি সুস্থ ইতিবাচক ধারার দিকে গিয়েছি। চট্টগ্রামে খালেদা জিয়ার মহাসমাবেশের সকল কর্মকাণ্ডে আমরা তা প্রমাণ করেছি।”
চট্টগ্রামের ওই সমাবেশ থেকেই ১২ মার্চ ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ওই সমাবেশ সামনে রেখে প্রচারণার অংশ হিসাবেই ‘চলো চলো ঢাকা চলো’ শিরোনামে এই গানের সিডি প্রকাশ করেছে চট্টগ্রাম বিএনপি।
“দেশের রাজনীতিতে যে পরিবর্তনের ধারা সূচিত হয়েছে, তারই ধারাবাহিকতায় এ গানের সিডি। বর্তমান সরকারের জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হিসেবে এ সিডি দেশের মানুষকে উদ্বুদ্ধ করবে”, আশা প্রকাশ করেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু।
তিনি জানান, জাসাসের স্থানীয় শিল্পীদের গাওয়া মোট ১০টি গান রয়েছে এই অ্যালবামে।
এসব গান ঢাকা চলো কর্মসূচিতে ‘ভিন্ন মাত্রা’ যোগ করবে বলেও উল্লেখ করেন চট্টগ্রাম মহানগর বিএনপির এই নেতা।
অন্যদের মধ্যে মহানগর জাসাস নেতা জসীম উদ্দিন চৌধুরী, নজরুল ইসলাম তুহিন, খায়রুল বারী আইরিশ, আলী আজম চৌধুরী, হামিদুল হক চৌধুরী ও নাজমা সাঈদ এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১৪৩৫ ঘ.
bdnews24