ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের সাত দফা অভিযোগ আদালতে তুলে ধরার মধ্য দিয়ে জামায়াতে ইসলামী নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে।
বুধবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর প্রসিকিউটর মোহাম্মদ আলী আনুষ্ঠানিকভাবে অভিযোগগুলো পড়ে শোনানো শুরু করেন।
তিনি বলেন, একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগিতায় একদল বিহারীকে নেতৃত্ব দেন কাদের মোল্লা। তার নির্দেশেই এক পরিবারে বড় মেয়ে ছাড়া বাকি সব সদস্যকে হত্যা করা হয়। ১১ বছর বয়সী একটি মেয়েকে ধর্ষণ করা হয় কাদের মোল্লার উপস্থিতিতেই।
মোহাম্মদ আলী এই জামায়াত নেতার বিরুদ্ধে আরো একটি (অষ্টম) অভিযোগ পড়ে শোনাতে চাইলে আদালত এ জন্য বৃহস্পতিবার দিন রাখেন।
যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে আগামী ১২ মার্চ অভিযোগ গঠনের শুনানি শুরু হবে বলে জানায় ট্রাইব্যুনাল।
মুক্তিযুদ্ধকালে মোস্তফা নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে ২০০৭ সালের ১৭ ডিসেম্বর জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাসহ কয়েকজন জামায়াত নেতার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়।
এছাড়া ২০০৮ সালে পল্লবী থানায় আরো একটি মামলা হয় কাদেরের বিরুদ্ধে। এই মামলাতেই ২০১০ সালের ১৩ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়।
কাদের মোল্লার বিরুদ্ধে গত ১ নভেম্বর জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে প্রসিকিউশন। ২৮ ডিসেম্বর তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
তার বিরুদ্ধে প্রসিকিউশনের প্রতিবেদনে বলা হয়, একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে কাদের মোল্লার অপরাধ ক্ষেত্র ছিল মিরপুর ও মোহাম্মদপুর এলাকা। ২৫ মার্চ মধ্যরাত থেকে ওই এলাকায় বাঙালী নিধন শুরু করেন তিনি। স্থানীয় বিহারীরা তাকে সহায়তা করে।
মিরপুরের আলোকদী গ্রামেও গণহত্যায় অংশ নেন জামায়াতের এই নেতা, যিনি নৃশংসতার জন্য পরিচিতি পান ‘জল্লাদ’ বা ‘কসাই’ নামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৮২০ ঘ.
bdnews24