২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারবেন না: শেখ হাসিনা

ঢাকায় বিএনপির মহাসমাবেশের আগে ঐতিহাসিক ৭ মার্চ রাজধানীতে বিশাল শোভাযাত্রা করে আওয়ামী লীগের সামর্থ্য তুলে ধরে ‘ষড়যন্ত্র’ প্রতিহত করে যুদ্ধাপরাধের বিচারের অঙ্গীকার আবার করেছেন শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2012, 11:15 AM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দল যুদ্ধাপরাধের বিচার বানচাল করতে চায় দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলার মাটিতে এই বিচার হবেই। ঐতিহাসিক ৭ মার্চ ঢাকায় আওয়ামী লীগের বিশাল শোভাযাত্রা শুরুর আগে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে তিনি একথা বলেন। ঢাকায় বিএনপির মহাসমাবেশের চার দিন আগে বুধবার শোভাযাত্রার মধ্য দিয়ে সরকারি দল মূলত তাদের শক্তি তুলে ধরতে চেয়েছে। সোহরাওয়াদী উদ্যানের সামনে থেকে বিকাল সাড়ে ৫টায় শোভাযাত্রা শুরু হয়ে এলিফ্যান্ট রোড হয়ে সাড়ে ৬টায় তা ধানমণ্ডি বঙ্গবন্ধু জাদুঘরে গিয়ে শেষ হয়। বিশাল এই শোভাযাত্রায় আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন নানা সাজে অংশ নেয়। এই শোভাযাত্রার কারণে দিনভর প্রায় পুরো ঢাকাজুড়েই ছিল যানজট। শেখ হাসিনা বিকাল ৫টা ১ মিনিটে তার বক্তৃতা শুরু করেন। ১৪ মিনিট স্থায়ী বক্তৃতার অনেকটা সময় ধরেই বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সমালোচনা করেন আওয়ামী লীগ সভানেত্রী। তাকে উদ্দেশ্য করে হাসিনা বলেন, “রাজাকারদের বাঁচাতে চান। রাজাকারদের বাঁচাতে পারবেন না। তাদের বিচার ইনশাল্লাহ বাংলার মাটিতে হবে।” “তাকে স্পষ্ট বলে দিতে চাই- মার্চ মাস স্বাধীনতার মাস। আপনি এই মার্চ মাসকে বেছে নিয়েছেন রাজাকারদের বাঁচাতে? বাংলার মানুষ তা মেনে নেবে না।” বিএনপির আন্দোলনের সমালোচনা করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন,“তারা উন্মাদ হয়ে গেছে- কেন আমরা যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু করেছি। তাদের মাথা খারাপ হয়ে গেছে। আন্দোলনের ডাক কি যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য?” শেখ হাসিনা সোহরাওয়ার্দী উদ্যান দিয়ে সমাবেশস্থলে আসেন। তিনি যখন মঞ্চে ওঠেন তখন উপস্থিত হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে। মঞ্চে উঠে শেখ হাসিনা সবার উদ্দেশ্যে হাত নাড়েন। এরপর, আওয়ামী লীগ সভানেত্রী তার জন্য নির্ধারিত বুলেটরোধী কাচের দেয়ালের পেছনে বসেন। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে এই সমাবেশে শেখ হাসিনার বক্তব্যের পর শোভাযাত্রা শুরু হয়, তবে এতে অংশ নেননি দলীয় সভানেত্রী। সড়কে দাঁড়ানোর জায়গা না থাকায় শোভাযাত্রায় অংশ নিতে আসা অনেকেই অবস্থান নেয় রমনা পার্কে। রোদের তীব্রতা, জায়গার স্বল্পতা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারণে অনেককেই শেখ হাসিনার বক্তৃতা না শুনে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। ১৯৭১ সালের ৭ মার্চ এই উদ্যানেই (তৎকালীন রেসকোর্স ময়দান) লাখো মানুষের জনসভায় ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বলেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।” তার ওই ভাষণেই সশস্ত্র যুদ্ধের দিক-নির্দেশনা পায় বাঙালি যাদের ওপর ওই ভাষণের ১৮ দিনের মাথায় হামলে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। এরপর নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পথ বেয়ে আসে স্বাধীনতা। পৃথিবীর মানচিত্রে জায়গা করে নেয় নতুন দেশ বাংলাদেশ। সমাবেশ কর্মী-সমর্থকের ঢল সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ মঞ্চ হলেও বিকালেই জনসমাগম পশ্চিমে নিউ মার্কেট, পূর্বে পল্টন, উত্তরে কাকরাইল এবং দক্ষিণে বঙ্গবাজার ছাড়িয়ে যায়। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যান এবং রমনা পার্কেও অবস্থান নেন অনেকে। এই সমাবেশের কারণে প্রায় পুরো ঢাকা জুড়ে দেখা দেয় যানজট। বুধবার সকাল থেকেই মৎস্য ভবন থেকে শাহবাগ মোড় পর্যন্ত সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে, এই সড়কের মৎস্য ভবণ থেকে শাহবাগ যাওয়ার দিকটিতে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। শোভাযাত্রায় অংশ নিতে আসা আওয়ামী লীগ, এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন মিছিল শাহবাগ মোড় থেকে মৎস্য ভবনের যাওয়ার দিকে অবস্থান নেয়। মুক্তিযোদ্ধা সংসদের বিভিন্ন থানা পর্যায়ের মিছিল দুপুর ২টার পর থেকেই মৎস্য ভবনের দিক থেকে রাস্তার ওই প্রান্ত দিয়ে মঞ্চের সামনে অবস্থান নেয়। এই মিছিলগুলোর অংশগ্রহণকারীরা সবাই সাদা টি-শার্ট ও লাল টুপি পড়ে ছিলেন। অন্যদিকে শাহবাগ মোড় থেকে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের মিছিল এসে জড়ো হয় মঞ্চের সামনে। তবে, মঞ্চের সামনের সড়কের উল্টো দিকেও আওয়ামী লীগের নারী কর্মী ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয়নি। শোভাযাত্রায় যোগ দেওয়া প্রতিটি মিছিল ছিল রঙ-বেরঙয়ের ব্যানার আর ফেস্টুনে পূর্ণ। অনেক মিছিলে ছিলো শুধু বিভিন্ন রঙের পতাকা। কেউ কেউ বাঁশ আর কাগজ দিয়ে বিশাল আকৃতির যুদ্ধের ‘ট্যাংক’ বানিয়ে নিয়ে এসেছিল। আওয়ামী লীগের মহিলা সংগঠনগুলোর নেতা-কর্মীদের পরনে ছিল জাতীয় পতাকার আদলে লাল-সবুজ শাড়ি। ছাত্রলীগের সদস্যরা বঙ্গবন্ধুর ছবিআঁকা টি-শার্ট পরেছিলেন। বিশাল সমাবেশ মঞ্চের পেছনে ছিল পুরোটাজুড়েই ছিল বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের চিত্র। প্রায় ১৫ ফুট উঁচু ওই মঞ্চের পূর্ব ও পশ্চিমে সড়কের দু’দিকেই মেটাল ডিটেক্টর বসানো ছিল। সবাইকে তা পেরিয়ে সমাবেশ মঞ্চে বা সড়ক দ্বীপের উল্টো দিকে যেতে হয়েছে। শেখ হাসিনার বক্তব্যের আগে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমদ ও সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য ও খাদ্যমন্ত্রী মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। আওয়ামী লীগ নেতাদের বক্তৃতার আগে বেলা ১২টা থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান এবং বিভিন্ন দেশাত্মবোধক ও দলীয় সঙ্গীত পরিবেশন করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্যরা। খালেদা ও আইএসআই’র টাকা পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের আগে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই খালেদা জিয়াকে পাঁচ কোটি রুপি দিয়েছে- জাতীয় দৈনিকে প্রকাশিত এ সংবাদের প্রসঙ্গও বক্তৃতায় উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ্য করে বলেন, “আইএসআইয়ের টাকা নিয়ে নির্বাচন করেছেন। কে দেশ বেচে? যাদের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি- তাদের কাছ থেকে টাকা নিয়েছেন? দেশ বেচতে?” “পাকিস্তানের সংসদেই এই কথা বলেছে। এর জবাব একদিন বাংলার মানুষকে দিতে হবে।” তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “তত্ত্বাবধায়ক চান? উনি(খালেদা জিয়া) কি ভুলে গেছেন- ওনার দু’ছেলেকে তত্ত্বাবধায়ক সরকার কী উত্তম-মধ্যম দিয়েছিল। আবার, তত্ত্বাবধায়ক আসলে তাদের ধরে এনে জেলে ভরবে।” খালেদা জিয়াকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, “তত্ত্বাবধায়ক সরকার কি ওনাকে কোলে তুলে ক্ষমতায় বসাবে?” গতবছর সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর থেকে ওই ব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়ে আসছে বিএনপি। তারা চায়, গত তিন সংসদ নির্বাচনের মতো আগামী সংসদ নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হোক। ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগ এ সমাবেশ ও শোভাযাত্রা করলেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম তার বক্তব্যে বলেন, “খালেদা জিয়া দেশের স্বাধীনতার প্রতি যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তা প্রতিহত করতেই এই সমাবেশ।” আশরাফ বলেন, “খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে চান। গত নির্বাচনে আইএসআইয়ের টাকা নিয়ে নির্বাচন করেছিলেন তিনি। খালেদা জিয়া আইএসআইয়ের দালাল। উনি আইএসআইয়ের পেইড এজেন্ট।” বিরোধীদলের কোনো প্রস্তাব থাকলে তা সংসদে গিয়ে দেওয়ার জন্য তাদের প্রতি আহবান জানিয়ে আশরাফ বলেন, “আপনারা রাজনৈতিক সমাধান চাইলে, রাজনীতির ভাষায় কথা বলুন। আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে।” “আমেরিকা, ইংল্যান্ড বা ইন্ডিয়া এসে আমাদের সমস্যার সমাধান করতে পারবে না।” আইএসআইয়ের কাছ থেকে খালেদা জিয়ার টাকা নেওয়ার বিষয়টি উল্লেখ করে সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, “এখন শুনি প্রতি মাসে ওনার জন্য ওখান থেকে টাকা আসে।” ধানমণ্ডিতে শোভাযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি এই শোভাযাত্রায় অংশ নেওয়ায় দলীয় নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে আগামী ১১ মার্চের মানববন্ধন এবং ১৪ মার্চের সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসআই/এমএমআর/এমআই/পিডি/২১২০ ঘ.