ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোহরাওয়ার্দী উদ্যানের সামনে মূল সমাবেশ হলেও আওয়ামী লীগের শোভাযাত্রার জনসমাগম ছড়িয়ে পড়েছে নিউ মার্কেট থেকে পল্টন পর্যন্ত।
বুধবার বেলা সাড়ে ৩টায় সমাবেশ শুরু হলেও দুপুর ১২টার পর থেকেই ঢাকাসহ আশপাশের জেলা থেকে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা আসতে শুরু করে।
সকাল থেকেই শাহবাগ ও মৎস্য ভবন মোড়ে ব্যারিকেড দেয় পুলিশ। মূল সভামঞ্চের কয়েক গজ পর্যন্ত নেওয়া হয়েছে কঠোর নিরপত্তা ব্যবস্থা। চারটি আর্চওয়ে দিয়ে ঢুকে মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা মূল মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন।
দুপুর সাড়ে ৩টার দিকে মূল মঞ্চ থেকে পশ্চিমে নিউ মার্কেট, পূর্বে পল্টন, উত্তরে কাকরাইল এবং দক্ষিণে বঙ্গবাজার পর্যন্ত জনসমাগম দেখা যায়। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যান এবং রমনা পার্কেও অবস্থান নিয়েছেন অনেকে।
সমাবেশে অংশ নেওয়া বেশিরভাগের হাতে রয়েছে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন। বড় আকারের বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রায় অংশ নিতেও এসেছেন অনেকে।
ডামি রাইফেল নিয়ে মুক্তিযোদ্ধার সাজে সেজেছেন কেউ কেউ। কাঁটাবন মোড়ে একটি ট্রাকের ওপর কয়েকটি শিশুকেও দেখা দেখা গেল নকল ট্যাংকে চড়ে ‘যুদ্ধের’ মহড়া দিতে।
এদের একজন সাত বছরের সাদমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, বাবার মুখে মুক্তিযুদ্ধের গল্প শুনেই চাচার সঙ্গে সে শোভাযাত্রায় অংশ নিতেন এসেছে।
শাহবাগ মোড় থেকে সাইন্সল্যাব মোড় পর্যন্ত নেতাকর্মীরা বাদকদলসহ ট্রাকে করে প্রতিবাদী গান পরিবেশন করছে। কোথাও কোথাও উচ্চ শব্দে বাজছে বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ।
মানিকগঞ্জ থেকে আসা আওয়ামী লীগ কর্মী শফিকুল জানান, স্বতঃস্ফূর্তভাবেই তারা বাসে চড়ে ঢাকায় এসেছেন।
জনসমাগমের কারণে সায়েন্সল্যাব মোড় থেকে শুরু করে ধানমণ্ডি ৩২ নম্বর পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
দুপুর পর্যন্ত শাহবাগ হয়ে কিছু সংখ্যক গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে চলাচল করলেও দুপুর সাড়ে ৩টার পর তাও বন্ধ হয়ে গেছে। গাড়ি না পেয়ে অনেকেই হেঁটে গন্তব্যে রওনা দিতে দেখা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমএমআর/এমআই/১৬৪৪ ঘ.
bdnews24