২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা মঞ্চে, শোভাযাত্রা শুরুর অপেক্ষা

ঐতিহাসিক ৭ মার্চ রাজধানীতে শোভাযাত্রার আগে সমাবেশে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। মিছিলের কারণে প্রায় পুরো ঢাকায়ই সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2012, 09:51 AM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঐতিহাসিক ৭ মার্চে ঢাকায় শোভাযাত্রা শুরুর আগে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বুধবার বেলা সাড়ে ৩টায় সমাবেশ শুরু হলেও বিকাল পৌনে ৫টায় সমাবেশ মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী। তিনি যেখানে বসেছেন, মঞ্চের সেই অংশ বুলেট প্রুফ কাচ দিয়ে ঘেরা। রমনা পার্কমুখী এই মঞ্চে শেখ হাসিনা যে পডিয়ামে ভাষণ দেবেন, তাও বুলেটপ্রুফ কাচে ঘেরা। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে এই সমাবেশে শেখ হাসিনা বক্তব্য দেওয়ার পর শোভাযাত্রা শুরু হবে। ধানমণ্ডি বঙ্গবন্ধু জাদুঘরে গিয়ে শেষ হবে ওই শোভাযাত্রা। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ মঞ্চ হলেও বিকালেই জনসমাগম পশ্চিমে নিউ মার্কেট, পূর্বে পল্টন, উত্তরে কাকরাইল এবং দক্ষিণে বঙ্গবাজার ছাড়িয়ে যায়। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যান এবং রমনা পার্কেও অবস্থান নিয়েছেন অনেকে। ৭ মার্চে এই সমাবেশ ও শোভাডাত্রা হলেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম তার বক্তব্যে বলেছেন, “খালেদা জিয়া দেশের স্বাধীনতার প্রতি যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তা প্রতিহত করতেই এই সমাবেশ। বরাবর সভা-সেমিনারের মধ্যে দিনটি পালন করলেও এবার ঢাকায় বিশাল শোভাযাত্রার মাধ্যমে দিনটি পালন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই শোভাযাত্রায় সহযোগী সংগঠনগুলোও অংশ নিচ্ছে। একদিকে ঐতিহাসিক এই দিনটি পালন এবং অন্যদিকে বিরোধীদলের বহুল আলোচিত সমাবেশের আগে নিজেদের সাংগঠনিক শক্তি প্রদর্শন- দুটি বিষয়ই প্রাধান্য পাচ্ছে আওয়ামী লীগের কাছে। আশরাফ বলেন, “খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে চান। গত নির্বাচনে আইএসআইয়ের টাকা নিয়ে নির্বাচন করেছিলেন তিনি। খালেদা জিয়া আইএসআইয়ের দালাল।” ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) লাখো মানুষের জনসভায় ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বলেন, “এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।,,,,, ঘরে ঘরে দুর্গ গড়ে তোল।” তার ওই ভাষণেই সশস্ত্র যুদ্ধের দিক-নির্দেশনা পায় বাঙালি, এরপর ২৬ মার্চ শুরু হয়ে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পথ বেয়ে আসে স্বাধীনতা। সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হতে যাওয়া এই শোভাযাত্রায় কয়েক লাখ লোক সমাগম নিশ্চিত করতে বেশ কিছুদিন ধরেই কাজ করছেন আওয়ামী লীগ নেতারা। ঢাকার প্রতিটি ওয়ার্ডের পাশাপাশি পাশের জেলা থেকেও নেতা-কর্মী-সমর্থকরা এতে যোগ দেবে বলে কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন। একদিকে যানজট, অন্যদিকে বাস নেই শোভাযাত্রার কারণে শাহবাগ থেকে মৎস্য ভবন পর্যন্ত রাজধানীর অন্যতম ব্যস্ত এই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের সড়কে দেখা দিয়েছে ব্যাপক যানজট। উত্তরা থেকে শাহবাগ এবং মহাখালী মগবাজার হয়ে মতিঝিল পর্যন্ত সড়কেও ব্যাপক যানজট দেখা যায়। গাবতলি থেকে শাহবাগ পর্যন্ত সড়কেও যান চলাচল হয় অত্যন্ত ধীর গতিতে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মাসুদুর রহমান দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ যানজট কমিয়ে আনার জন্য সাধ্যমতো চেষ্টা করছে।” এই যানজটের মধ্যে যাত্রীবাহী বাসের সংখ্যা কম হওয়ায় আরো বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। ৭ মার্চের কর্মসূচিতে নেতাকর্মীদের নিয়ে যাওয়ার জন্য মঙ্গলবার রাতেই অনেক বাস ভাড়া হয়ে গেছে বলে সংশ্লিষ্টরা জানান। মোহাম্মদপুর থেকে মতিঝিলগামী গণপরিবহণের মালিক সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার তিনটি বাস গণ-র‌্যালির জন্য ভাড়া হয়েছে। দুপুর ২টায় বাসগুলো যাত্রী নিয়ে শাহবাগ পর্যন্ত যাবে। একই কথা জানালেন মিরপুরের বাস চালক শাহীন। বেলা ১২টা পর্যন্ত মিরপুর থেকে ফার্মগেট পর্যন্ত যাত্রী পরিবহন করলেও ২টার দিকে শোভাযাত্রার জন্য লোক নিয়ে শাহবাগে যাওয়ার কথা রয়েছে তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএমআর/এলএইচ/এমআই/১৬৫৫ ঘ.