ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল অনুমতির বিষয়ে ১২ জুন আপিল বিভাগে শুনানি হবে।
বিএনপি চেয়ারপার্সন খালেদার আইনজীবীদের আবেদনে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বুধবার শুনানির এই দিন ধার্য করে আবেদনটি নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। মঙ্গলবার এই আবেদন দাখিল করেন আইনজীবীরা।
আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
জিয়া এতিমখানা ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৮ সালের ৩ জুলাই খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন।
রমনা থানায় করা এ মামলায় খালেদার পাশাপাশি আসামি করা হয় তার ছেলে তারেক রহমানসহ মোট সাত জনকে। কমিশন ২০০৯ সালের ৫ অগাস্ট এ মামলায় অভিযোগপত্র দেয়।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার বিরুদ্ধে এ মামলা বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করলে বিচারপতি খোন্দকার মূসা খালেদ ও এসএইচ মো. নূরুল হুদা জায়গীরদারের বেঞ্চ গত ১৪ ডিসেম্বর তা খারিজ করে দেয়।
মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, “মঙ্গলবার আমরা লিভ টু আপিল দায়ের করেছিলাম। আজ আবেদনটি নিয়ে চেম্বার আদালতে যাই। আপিল বিভাগ বিষয়টি শুনানির দিন ধার্য করেছে।”
তিনি বলেন, ১৮ মার্চ বিচারিক আদালতে এ মামলার অভিযোগ শুনানির দিন ধার্য রয়েছে। কিন্তু আপিল বিভাগ ১২ জুন শুনানির তারিখ দেওয়ায় বিচারিক আদালতে আপাতত এ মামলার কার্যক্রম পরিচালনার সুযোগ নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম/এসএন/জেকে/১৫১২ ঘ.
bdnews24