২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর যুদ্ধাপরাধ: সাক্ষী হাজিরে ব্যর্থতায় ট্রাইব্যুনালের উষ্মা

জামায়াতে ইসলামী নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় প্রসিকিউশন আবারো সাক্ষী হাজিরে ব্যর্থ হওয়ায় ক্ষুব্ধ বিচারক বলেছেন, এই ব্যর্থতা এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2012, 06:42 AM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামী নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় প্রসিকিউশন আবারো সাক্ষী হাজিরে ব্যর্থ হওয়ায় ক্ষুব্ধ বিচারক বলেছেন, এই ব্যর্থতা এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বুধবার সকালে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, এদিন ২৮তম সাক্ষীর জবানবন্দি দেওয়ার কথা থাকলেও তিনি আসেননি। এরপর আদালত সাক্ষ্য গ্রহণের জন্য ১৮ মার্চ নতুন তারিখ রাখে। ট্রাইব্যুনাল বলে, গত ১৫ দিনে প্রসিকিউশন নতুন কোনো সাক্ষী হাজির করতে পারেনি। ১৮ মার্চও সাক্ষী হাজিরে ব্যর্থ হলে এ বিষয়ে আদেশ দেওয়া হবে। এর আগেও প্রসিকিউশন বেশ কয়েকবার সাক্ষী হাজির করতে না পারায় গত ১ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল বলেছিল, এই ব্যর্থতা অভাবনীয়। এই ট্রাইব্যুনালে গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে জামায়াতের নায়েবে আমীর সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় সাবেক এই সংসদ সদস্যকে। গত বছর ১৪ জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একাত্তরে তিন হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতা, নয় জনেরও বেশি নারীকে ধর্ষণ, বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর এবং একশ থেকে দেড়শ হিন্দুকে ধর্মান্তরে বাধ্য করার অভিযোগ রয়েছে সাঈদীর বিরুদ্ধে।একাত্তরে তাকে পিরোজপুরের লোকজন চিনতো ‘দেইল্লা রাজাকার’ নামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১২৩০ ঘ.