ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোটের উপর ‘রাগ করে’ বিএনপি-জামায়াত জোটকে ‘মাথায় না তোলার’ জন্য বিশিষ্টজনদের প্রতি আহ্বান জানিয়েছেন জাসদ নেতা হাসানুল হক ইনু।
মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে মহাজোট শরীক জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি কয়েকটি প্রতীকী নাম উল্লেখ করে এ আহ্বান জানান।
একইসঙ্গে তিনি মহজোট প্রধান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকেও সবার সঙ্গে কথা বলার অনুরোধ করেন।
বিশিষ্টজন হিসেবে তিনি ড. কামাল হোসেন, ড. ইউনুস, ফজলে হাসান আবেদ, রেহমান সোবাহান, ব্যারিস্টার রফিক উল হক, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, অধ্যাপক ড. জাফর ইকবাল, বদরউদ্দিন ওমর, মঞ্জুরুল আহসান খান, মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান, আনু মুহম্মদের নাম উল্লেখ করেন।
ইনু বলেন, “প্রতীকী বিশিষ্ট কয়েকজনের নাম উল্লেখ করলাম। আরো বহু নাম বলা যাবে। আপনারা মহাজোটের উপর রাগ করতে পারেন, কিন্তু বিএনপি-জামায়াতকে মাথায় তুলবেন না- এটা আমার বিশ্বাস। মহাজোটের ভুলত্র“টি থাকলে সমালোচনা করুন, শুধরে দিন।”
সম্প্রতি গণভবনে কবি-শিল্পী-সাহিত্যিকদের সঙ্গে প্রীতি সম্মিলনীর জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি।
এভাবে সবাইকে ডেকে পরামর্শ করারও আহ্বান জানান তিনি।
সমস্যা জিইয়ে না রেখে দ্রুত সমাধান চায় জাসদ
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ‘ত্র“টিগুলো’ তুলে ধরে ইনু বলেন, “এ ব্যবস্থার ত্র“টিগুলো বিরোধীদলীয় নেত্রীও স্বীকার করবেন।”
“নির্বাচনকালীন সময় অন্তর্তীকালীন সরকারের রূপরেখা, কাঠামো, ক্ষমতা এখতিয়ার তা নিয়ে নতুন করে ভাবতে হবে। মনে রাখবেন এটা একতরফা করার কোনো বিষয় না। আপনি মাত্র একটি পক্ষ, একটি তরফ। আছে আরো বহুপক্ষ বহু তরফ,” খালেদার উদ্দেশে বলেন ইনু।
ইনু প্রশ্ন রাখেন, “আপনি আদালতও মানে না সংসদ ও মানে না, আলোচনায়ও আসেন না, আপনি আসলে কী চান?”
মহাজোটের সমালোচনা
জাসদ সভাপতি বলেন, “সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। শেয়ার মার্কেটে কারসাজি রোধ করতে পারেনি।”
“অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা ও বাড়াবাড়িতে জনমনে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। টেন্ডারবাজি, ছাত্রলীগের গুণ্ডামীতে মানুষ বিরক্ত ও ক্ষুদ্ধ।”
“সরকার ও প্রশাসনের সমন্বয়হীনতা এবং মন্ত্রী-উপদেষ্টাদের বাকচপলতা নিয়েও মানুষ হতাশ বিরক্ত।”
‘
এ যেন দোতলা বাস’
সরকারের মন্ত্রী ও উপদেষ্টাদের বক্তব্য প্রসঙ্গে ইনু বলেন, “মন্ত্রীরা এক রকম বলেন, উপদেষ্টারা আরেক রকম বলেন- এ যেন দোতলা বাস। একতলায় মন্ত্রীবর্গ। দোতলায় উপদেষ্টাবৃন্দ।”
“দোতলা বাস ধীরেই চলে। ছোট গাড়ি দ্রুত চলে। আমি মনে করি সরকারের কাজের গতি বাড়ানো দরকার।”
সরকারের বিভিন্ন সফলতা তুলে ধরে ইনু বলেন, “সরকারের সবচাইতে বলিষ্ঠ ঘোষণা, বাংলাদেশকে ডিজিটাল করার ঘোষণা।”
তথ্য-প্রযুক্তি সেবা আরো সহজলভ্য করতে মোবাইল, ইন্টারনেট, কম্পিউটার ও ইন্টারনেটের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর প্রত্যাহার, মোডেমের কর প্রত্যাহার, সিম কার্ডের ওপর কর প্রত্যাহারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বিশেষ ভারতনীতি থাকার দরকার
ইনু বলেন, অভ্যন্তরীণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি ভারত, বাংলাদেশ সম্পর্ক এবং দক্ষিণ এশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ও সরকারকে একটি স্বচ্ছ নীতি প্রণয়ন করতে হবে।
“গত ৪০ বছর যে অ্যাডহক নীতির ভিত্তিতে আঞ্চলিক দেশ গুলোর সঙ্গে যে কূটনীতি চালানো হয় তা পর্যালোচনা করার সময় এসেছে।”
“আমি মনে, করি দক্ষিণ এশিয়া নীতির পাশাপাশি বৃহৎ প্রতিবেশী ভারতের সঙ্গে গতিশীল সম্পর্ক গড়তে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে একটি “বিশেষ ভারত নীতি” থাকা দরকার।”
‘
আইএসআইয়ের টাকায় খালেদার নির্বাচন’
১৯৯১ সালের সংসদ নির্বাচনে খালেদা জিয়াকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই অর্থ দিয়েছিল- পাকিস্তানি পত্রিকায় প্রকাশিত এ খবরের প্রসঙ্গ তুলে ইনু বলেন, “ক্ষমতার জন্য যা ইচ্ছা তা করতে পারেন। এমনকি আইএসআইএ’র ৫ কোটি রুপিও আপনি নির্বাচনে জেতার জন্য নিতে পারেন।”
“এটা গণতন্ত্র না। বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে থেকে ৫ কোটি রুপি নেওয়ার অভিযোগ পৃথিবীর অন্য দেশে উঠলে সেই নেতা-নেত্রীর রাজনীতি তো করতেই পারতেন না, মানুষের সামনে মুখ দেখানোও কঠিন হয়ে পড়ত।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/ডিডি/পিডি/০০১৭ ঘ.
bdnews24