চট্টগ্রাম, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার যতই হুমকি দিক না কেন ১২ মার্চের সমাবেশে জনস্রোত ঠেকিয়ে রাখা যাবে না।
বিএনপির ‘ঢাকা চলো’ কর্মসূচিকে সামনে রেখে মঙ্গলবার বিকালে নগরীর দেওয়ানহাট মোড়ে ডবলমুড়িং থানা বিএনপির এক সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আগামী ১২ মার্চের সমাবেশে হবে দেশের জনগণের মুক্তির ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার সমাবেশ।
“দেশের জনগণ শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করতে সিদ্ধান্ত নিয়েছে।”
“এই সমাবেশ হবে আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্রের মুক্তি ও সাংবাদিকসহ দেশের জনগণের নিরাপত্তা দেওয়ার সমাবেশ।”
সমাবেশে নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, ডবলমুরিং থানা বিএনপি সভাপতি এস এম সাইফুল আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশের পর দেওয়ানহাট মোড় থেকে ১২ মার্চ ‘ঢাকা চলো’ সমাবেশ উপলক্ষে একটি মিছিল বের করা হয়।
‘ঢাকা চলো’ কর্মসূচিতে অংশ নিতে দুপুরে ওয়াসা মোড় ও দামপাড়ায় প্রচারপত্র বিতরণ করেন আমীর খসরু।
আগামী ১২ মার্চ রাজধানীতে নয়া পল্টনে দলীয় কার্যারয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। এ কর্মসূচি গত ৯ জানুয়ারি চট্টগ্রামের এক সমাবেশ থেকে ঘোষণা করেছিলেন খালেদা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২১০৪ ঘ.
bdnews24