ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর টকম)- ঢাকায় চারদলের মহাসমাবেশ বানচাল করতে প্রচারণায় বাধা প্রদান, নেতাদের বিরুদ্ধে ডায়েরি করাসহ বিভিন্নভাবে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
মঙ্গলবার সকালে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “মহাসমাবেশকে ভণ্ডুল করতে সরকার বিভিন্ন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। পোস্টার লাগাতে আমাদের কর্মীদের বাধা দেওয়া হচ্ছে। ঢাকা শহরের আবাসিক হোটেলগুলোতে পুলিশ দিয়ে বিধি-নিষেধ জারি করা হচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব ও মহানগর আহ্বায়কের বিরুদ্ধে জিডি করা হয়েছে। এসবের উদ্দেশ্য মহাসমাবেশকে দুর্বল করা।”
সরকারের এ ধরনের চেষ্টার পরও সারাদেশের মানুষ ১২ মার্চ নয়া পল্টনে এই মহাসমাবেশে যোগ দেবে বলে আশা প্রকাশ করেন এই বিএনপি নেতা।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকার বিরুদ্ধে জিডির (সাধারণ ডায়েরি) ঘটনার নিন্দা জানিয়ে রিজভী বলেন, “এটা উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর নিন্দা জানাই।”
১২ মার্চ জনসভার দিন মন্ত্রী ও জনগণের নিরাপত্তাহানী ঘটতে পারে- এমন আশঙ্কার কথা উল্লেখ করে সোমবার রাতে ফখরুল ও খোকার বিরুদ্ধে রমনা ও শাহবাগ থানায় এ দুটি জিডি করেন আওয়ামী লীগ সমর্থক দুই আইনজীবী।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে রিজভী বলেন, “বিএনপি মনে করে, সরকার মহাসমাবেশকে ভয় পাচ্ছে বলেই জনবিস্ফোরণ ঠেকাতে অগণতান্ত্রিক পদক্ষেপের মাধ্যমে বিরোধী দলের গণতান্ত্রিক অধিকারের ওপর হস্তক্ষেপ করছে। তাদের বাধা উপেক্ষা করেই ১২ মার্চ শান্তিপূর্ণ কর্মসূচি হবে।”
“কোনো বাধায় মহাসমাবেশে জনস্রোত ঠেকানো যাবে না”, যোগ করেন তিনি।
রিজভী অভিযোগ করেন, ঢাকার মীরপুর, কেরানীগঞ্জ, সাভার, টঙ্গীসহ বিভিন্ন স্থানে কর্মী সভায় ক্ষমতাসীন দলের ‘সন্ত্রাসীরা’ হামলা চালিয়েছে। কেরানীগঞ্জ যাওয়ার পথে বিানেপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও পিরোজপুরে যাওয়ার পথে দলের সহসভাপতি সেলিমা রহমান হামলার শিকার হয়েছেন।
মহাসমাবেশ সফল করতে সরকারের সহযোগিতা চেয়ে রিজভী বলেন, “সরকার সহযোগিতা করলে শান্তিপূর্ণভাবেই মহাসমাবেশ হবে। সারাদেশ থেকে আসা লোকজন নেত্রীর বক্তব্য শুনে আবার নিরাপদে নিজেদের গন্তব্যে ফিরে যাবেন।”
অন্যদের মধ্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন , মহানগর সদস্য সচিব আবদুস সালাম, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, যুব দলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, তাঁতী দলের সভাপতি হুমায়ুন ইসলাম খান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপু, মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৩৩৫ ঘ.
bdnews24