শহীদুল ইসলাম
এরশাদের গাড়িবহর থেকে
ফেনী, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনী ও তিস্তা নদী রক্ষা এবং টিপাইমুখে বাঁধ নির্মাণ বন্ধের জন্য উদ্যোগী ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে সরকারকে সতর্ক করে দিয়েছেন ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক দল জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
ফেনী অভিমুখে লংমার্চের শেষভাগে মঙ্গলবার সকালে ফেনী নদী পরিদর্শন করে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, “বিভিন্ন নদীতে ভারত ৩৬০০ বাঁধ দিয়েছে। আরো এক হাজার বাঁধ দিয়ে তারা পানি নিয়ে যাবে। নদীতে পানি নেই... কৃষক নেই, মাঝি নেই... এমন দেশে কেউ থাকতে চাইবে না।”
সরকারকে এরশাদ হুঁশিয়ার করেন- “সরকার চিরস্থায়ী না। আমরা তাদের কাছে এসব বিষয়ে দাবি জানিয়েছি। তারা যদি এর সমাধান না করে, ভবিষ্যতে যারা আসবে তারাই এর সমাধান করবে।”
ফেনী নদী রক্ষার দাবিতে সোমবার সকালে ঢাকা থেকে গাড়িবহর নিয়ে লংমার্চ শুরু করে বিকালে ফেনী শহরে পৌঁছান এরশাদ। বিকালেই ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি বলেন, অভিন্ন নদীগুলোর পানি না পেলে প্রতিবেশী দেশ ভারতকে ট্রানজিট দেওয়া চলবে না।
ভারত বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করতে চায়- এমন অভিযোগের পাশাপাশি প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টারও সমালোচনা করেন মহাজোটের এই শরিক নেতা।
ফেনী সার্কিট হাউজে রাত কাটিয়ে সকালে নদী দেখতে বের হন জাতীয় পার্টির চেয়ারম্যান। সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধুমঘাট সেতুতে পৌঁছে তিনি ফেনী নদীর অবস্থা পর্যবেক্ষণ করেন এবং এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এরশাদ অভিযোগ করেন, ফেনী নদী বাংলাদেশের হলেও ভারত পাম্প বসিয়ে পানি টেনে নিয়ে যাচ্ছে।
“ফেনী তাদের নয়, এটা বাংলাদেশের নদী। ভারত কেন পাম্প তুলবে না”, প্রশ্ন রাখেন তিনি।
এদিনও তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের সমালোচনা করেন। এরশাদ বলেন, “উপদেষ্টারা ভারতের লোক। এমন উপদেষ্টার দরকার নেই।”
‘যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রের’ প্রতিবাদে ১৪ মার্চ বঙ্গবন্ধু এভিনিউয়ে ১৪ দলের মহাসমাবেশে জাতীয় পার্টি অংশ নেবে কি না জানতে চাইলে এরশাদ শুধু বলেন, ‘না’।
নদী দেখা শেষে লংমার্চের সমাপ্তি ঘোষণা করে ফিরতি পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এরশাদের গাড়ি বহর।
জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, টিআইএম ফজলে রাব্বী চৌধুরী, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কাজী ফিরোজ রশীদসহ নেতাকর্মীরা চেয়ারম্যানের সঙ্গে এই লংমার্চে অংশ নেন।
এর আগে টিপাইমুখে বাঁধ নির্মাণ বন্ধের দাবিতে গত বছরের ১০ ও ১১ ডিসেম্বর সিলেট অভিমুখে এবং তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে গত ১৭ ও ১৮ জানুয়ারি নীলফামারী অভিমুখে লংমার্চ করেন এরশাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১০১০ ঘ.
bdnews24