২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকার সব আবেদনের বিষয়ে আদেশ ১৩ মার্চ

একাত্তরে যুদ্ধাপরাধ মামলার আসামি বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর করা সব আবেদনের বিষয়ে আদেশের তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৩ মার্চ ট্রাইব্যুনাল এসব আবেদনের বিষয়ে আদেশ দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2012, 05:11 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে যুদ্ধাপরাধ মামলার আসামি বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর করা সব আবেদনের বিষয়ে আদেশের তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৩ মার্চ ট্রাইব্যুনাল এসব আবেদনের বিষয়ে আদেশ দেবে। সোমবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ তারিখ ধার্য করেন। ট্রাইব্যুনাল বলেছে, বিএনপির এই নেতার অব্যাহতি আবেদন খারিজ হওয়া সাপেক্ষে এরপর অভিযোগ গঠনের তারিখ ঘোষণা করা হবে। একই সঙ্গে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে করা অভিযোগের শুনানি হবে ৬ মার্চ, ৭ মার্চ হবে দলের প্রধান মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে অভিযোগ শুনানি। এর আগে সালাউদ্দিন কাদের চৌধুরীর দুই আইনজীবী ফখরুল ইসলাম ও আহসানুল হক ছয়টি আবেদনের ওপর চূড়ান্ত শুনানিতে অংশ নেন। দুপুরে বিরতির পর আহসানুল হক শুনানিতে প্রসিকিউটর জেয়াদ-আল-মালুমকে উদ্দেশ্য করে বলেন, তিনি আসামিপক্ষের উত্থাপিত বিভিন্ন বিষয়ের প্রাসঙ্গিক জবাব দিতে ব্যর্থ হয়েছেন। বিভিন্ন যুক্তি উত্থাপন শেষে তিনি সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে করা ছয়টি মামলার তথ্য-প্রমাণ জোগাড়ে সাত থেকে ১০ দিন সময় প্রার্থনা করেন। গত বছরের ৪ অক্টোবর সাকা চৌধুরীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ৫৫ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে এক হাজার ২৭৫ পৃষ্ঠার আনুষঙ্গিক নথিপত্র এবং ১৮টি সিডি ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়। এরপর ১৪ নভেম্বর তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ উত্থাপনের আবেদন করা হয়। ২০১০ সালের ২৬ জুলাই সালাউদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। তাকে গ্রেপ্তারের জন্য গত বছরের ১৫ ডিসেম্বর ট্রাইব্যুনালে আবেদন করে তদন্ত সংস্থা। এর ২৪ ঘণ্টার মধ্যে গাড়ি পুড়িয়ে যাত্রী হত্যার মামলায় এ সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়। ১৯ ডিসেম্বর যুদ্ধাপরাধের অভিযোগেও তাকে গ্রেপ্তার দেখানো হয়। সালাউদ্দিন কাদের ছাড়াও জামায়াতের পাঁচ শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসেন সাঈদী, আলী আহসান মো. মুজাহিদ, মো. কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা যুদ্ধাপরাধের অভিযোগে আটক রয়েছেন। এছাড়া জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীমকে যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার করা হলেও তিনি শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএল/এমআই/২৩০৬ ঘ.