২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুল-খোকার বিরুদ্ধে জিডি

ঢাকায় ১২ মার্চ বিএনপির জনসভার দিন মন্ত্রী ও জনগণের নিরাপত্তাহানি ঘটতে পারে আশঙ্কা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাদেক হোসেন খোকার বিরুদ্ধে দুটি জিডি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2012, 05:10 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় ১২ মার্চ বিএনপির জনসভার দিন মন্ত্রী ও জনগণের নিরাপত্তাহানি ঘটতে পারে আশঙ্কা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাদেক হোসেন খোকার বিরুদ্ধে দুটি জিডি হয়েছে। সোমবার সন্ধ্যায় রমনা ও পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) দুটি করেন আওয়ামী লীগ সমর্থক দুই আইনজীবী। ঢাকায় ১২ মার্চের সমাবেশ নিয়ে সরকার ও বিরোধী দলের নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য চলছে। এর মধ্যে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক খোকা গত ২ মার্চ এক সংবাদ সম্মেলনে জনরোষ এড়াতে মন্ত্রীদের ঘরে থাকতে বলেন। ওই সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুলও ছিলেন। ওই সমাবেশের ছয় দিন আগে জিডি দুটি হওয়ার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার কৃষ্ণপদ রায় এবং মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন। রমনা থানায় জিডিটি করেন আনোয়ার সাহাদাত শাওন ও পল্টন থানায় করেন শেখ আলী আহমদ। জিডিতে বলা হয়, বিএনপির এই দুই নেতা সংবাদ সম্মেলনে মন্ত্রী-এমপিদের বাসার বাইরে যেতে নিষেধ করেছেন। এছাড়াও তারা বিভিন্ন সভা-সমাবেশে আওয়ামী লীগ নেতাদের হুমকি-ধমকি দিয়ে বিভেদ সৃষ্টির মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। এই কারণে ১২ মার্চ বা তার আগে মন্ত্রী-এমপি ও আওয়ামী লীগ নেতাসহ জনগণের ক্ষতির চেষ্টা হতে পারে বলে দুই জিডিতেই শঙ্কা প্রকাশ করা হয়। জনগণের নিরাপত্তার জন্য কার্যকর পদক্ষেপ নিতে পুলিশের প্রতিও জিডিতে অনুরোধ জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/২৩০২ ঘ.