২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদকে স্বর্ণের লাঙল উপহার

লংমার্চ করে ফেনী গিয়ে স্বর্ণের একটি লাঙল উপহার নিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2012, 03:23 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ফেনী, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লংমার্চ করে ফেনী গিয়ে স্বর্ণের একটি লাঙল উপহার নিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিন ভরি ওজনের এই লাঙলটি উপহার দেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব হাজী আলাউদ্দিন। সোমবার বিকালে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা শুরুর আগে এরশাদের হাতে এই উপহার তুলে দেওয়া হলে তিনি হাসিমুখে তা নেন। হাজী আলাউদ্দিন স্টারলাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, যাদের ঢাকা-ফেনী ও ঢাকা-চট্টগ্রাম রুটে অনেক গাড়ি রয়েছে। ফেনীতে জনসভা আয়োজনের সব খরচ হাজী আলাউদ্দিন দিয়েছেন বলে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ। জনসভায় বক্তব্যে এ জন্য আলাউদ্দিনকে ধন্যবাদও জানান কাজী জাফর। এই বিষয়ে কাজী আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন ভরি স্বর্ণের একটি লাঙল চেয়ারম্যানকে উপহার দিয়েছেন তিনি। এই বিষয়ে এর বেশি কিছু তিনি বলতে রাজি হননি তিনি। ফেনীতে জনসভায় সভাপতিত্ব কে করবেন তা নির্ধারিত হয়নি বলে লংমার্চ শুরুর আগে সকালে সাংবাদিকদের জানিয়েছিলেন জাতীয় পার্টির একাধিক নেতা। তবে স্বর্ণের লাঙল উপহার দেওয়ার পরে হঠাৎ করেই সভাপতি হিসেবে আলাউদ্দিনের নাম ঘোষণা করা হয় এবং তার সভাপতিত্বেওই জনসভায় বক্তব্য রাখেন এরশাদ। ঢাকা থেকে গাড়িবহর নিয়ে লংমার্চ করে বিকালে ফেনী পৌঁছান এরশাদ। ফেনী শহরের ঢোকার মুখে সুসজ্জিত তিনটি ঘোড়ার গাড়িতে থাকা বাদক দল জাতীয় পার্টি চেয়ারম্যানকে স্বাগত জানায়। রোববার রাতে এই তিনটি ঘোড়ার গাড়ি থেকে ফেনী শহরে জনসভার প্রচারপত্রও বিলি করা হয় বলে স্থানীয়রা জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/২১২০ ঘ.