২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি না পেলে ভারতকে ট্রানজিট নয়: এরশাদ

পুরো লংমার্চে ভারতের সমালোচনা করে ফেনীতে জনসভায় বক্তব্যে জাতীয় পার্টি চেয়ারম্যান আরো বলেছেন, প্রতিবেশী দেশটি বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করতে চায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2012, 12:50 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

শহীদুল ইসলাম এরশাদের গাড়িবহর থেকে ফেনী, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনী লংমার্চের পথসভা-জনসভাগুলোয় ভারতের সমালোচনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ অভিন্ন নদীগুলোর পানি না পেলে প্রতিবেশী দেশটিকে ট্রানজিট না দেওয়ার আহ্বান জানিয়েছেন। মহাজোট শরিক দলের এই নেতা আরো বলেছেন, ভারত বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করতে চায়। ভারতের সমালোচনার পাশাপাশি প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টারও সমালোচনা করেছেন তিনি। ফেনী নদী রক্ষার দাবিতে সোমবার সকালে ঢাকা থেকে গাড়িবহর নিয়ে লংমার্চ শুরু করে বিকালে ফেনী শহরে পৌঁছান এরশাদ। সেখানে এক জনসভার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শেষ করেন তিনি। ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় এরশাদ বলেন, “ভারত বাংলাদেশকে মরুভূমি, দুর্ভিক্ষ ও ভিক্ষুকের দেশে পরিণত করতে চায়।” “তিন মাস পার হলেও তিস্তা চুক্তি হয়নি। ওরা পানি দিতে চাচ্ছে না, অথচ আমরা ট্রানজিট দিচ্ছি। কিছুই পাইনি। এটা বন্ধুত্বের লক্ষণ নয়। আমাদের দাবি, পানি দিতে হবে; নইলে ট্রানজিট দেব না,” বলেন তিনি। পানি না দিলে ট্রানজিট না দেওয়ার কথা গত সপ্তাহে লালমনিরহাটে জনসভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও বলেছিলেন। এবার সরকারের শরিক দলের নেতার কণ্ঠেও একই কথা উঠল। লংমার্চের উদ্দেশ্য ব্যাখ্যা করে এরশাদ বলেন, “ফেনী নদী রক্ষার জন্য আমরা এখানে এসেছি। ফেনীর পানির ভাগ কাউকে দেব না। একটার পর একটা নদীর পানি ভারত নিয়ে যাবে, তা কিছুতেই সহ্য করা হবে না।” তিস্তা চুক্তি ও ছিটমহল এবং ফারাক্কার পানি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা এবং সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের সমালোচনাও করেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ। এর আগে টিপাইমুখে বাঁধ নির্মাণ বন্ধের দাবিতে গত বছরের ১০ ও ১১ ডিসেম্বর সিলেট অভিমুখে এবং তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে গত ১৭ ও ১৮ জানুয়ারি নীলফামারী অভিমুখে লংমার্চ করেন এরশাদ। ঢাকা থেকে ফেনী পৌঁছানোর আগ পর্যন্ত নারায়ণগঞ্জের মদনপুর বাস স্ট্যান্ড ও সোনারগাঁও, মুন্সীগঞ্জের গজারিয়া, কুমিল্লার দাউদকান্দি, চান্দিনা ও নিমসার বাজারে পথসভায় বক্তব্য দেন এরশাদ। গজারিয়ায় পথসভায় তিনি প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার দিকে ইঙ্গিত করে বলেন, “এসব উপদেষ্টা বাংলাদেশের না, তারা ভারতের মানুষ। তারা বাংলাদেশের কথা বলেন না, ভারতের কথা বলেন।” প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের বিভিন্ন বক্তব্যে প্রশ্ন জাগে- এ মন্তব্য করে এরশাদ বলেন, “এসব উপদেষ্টার কোনো দরকার নেই।” আগের দিনই জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের একই সমালোচনা করেছিলেন মহাজোটের আরেক শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এরশাদ বলেন, গত বছর সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরের সময় তিস্তা ও ফেনী নদীর বিষয়ে চুক্তি হওয়ার কথা থাকলেও তা হয়নি। এরপর বলা হয়েছিল, শিগগিরই এসব বিষয়ে চুক্তি হবে। তারপর পাঁচ মাস পেরিয়ে গেলেও কোনো অগ্রগতি হল না। “এ ব্যাপারে সরকার সাহস করে কিছুই বলছে না,” যোগ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। সাংবাদিক সাগর-রুনি হত্যাকাণ্ডের প্রায় এক মাস পেরিয়ে গেলেও খুনিরা চিহ্নিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এরশাদ। বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, “আশা নিয়ে মহাজোটে যোগ দিয়েছিলাম। কী পেলাম, তা বলব না। গ্যাস নেই, বিদ্যুৎ নেই, ব্যাংকে টাকা নেই, পুঁজিবাজারে বিনিয়োগ করে মানুষ আত্মহত্যা করে, তারও কোনো বিহিত নেই।” ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে বলে বিভিন্ন পথসভায় বলেন তিনি। আগামী নির্বাচন এককভাবে করার ঘোষণা দিয়ে আসা সাবেক সামরিক শাসক এরশাদ জনতার উদ্দেশে বলেন, “আরেকবার সুযোগ দিন। আমি মাথা উঁচু করে রাজনীতি করে দেখাতে চাই।” ভোট চাইতে ফেনীতে আবার আসবেন বলেও জনসভায় জানান তিনি। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা শক্তিশালী হন। আগামী নির্বাচনে জয়ী হয়ে জাতীয় পার্টি ক্ষমতায় গেলে সব সমস্যার সমাধান করব।” জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব হাজী আলাউদ্দিনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, টিআইএম ফজলে রাব্বী চৌধুরী, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কাজী ফিরোজ রশীদ, নূর-ই-হাসনা লিলি চৌধুরী, সালমা ইসলামসহ স্থানীয় নেতারা। লংমার্চ শুরুর আগে বনানীতে দলীয় কার্যালয়ে উপস্থিত নেতাকর্মী ও সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন এরশাদ। তখন গত শনিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, “আমরা নির্বাচন নিয়ে কথা বলেছি।” ফলপ্রসূ আলোচনা হয়েছে জানালেও এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/প্রতিনিধি/এমআই/২২০০ ঘ.