ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর টকম)- সরকার মহাসমাবেশের প্রস্তুতিতে বাধা দিচ্ছে- এমন অভিযোগ করে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, এ অবস্থায় অধিবেশনে যোগ দেওয়ার চেয়ে ১২ মার্চের কর্মসূচি সফল করাই তার দলের কাছে গুরুত্বপূর্ণ।
সোমবার এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, “সরকার অঘোষিতভাবে মহাসমাবেশের প্রস্তুতিতে বাধা দেওয়া শুরু করে দিয়েছে। পৌরসভা, উপজেলা, থানা, মহানগরে আমাদের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি করা হচ্ছে। চলছে গ্রেপ্তারও।”
সরকার সংসদকে ‘একদলীয় ও অকার্যকর’ করে ফেলেছে অভিযোগ করে এই বিএনপি নেতা বলেন, “এখন সংসদ অধিবেশনে যোগ দেওয়া থেকে মহাসমাবেশ সফল করা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।”
অবশ্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি মেনে সরকার সংসদে বিল আনার ঘোষণা দিলে বিএনপি সংসদে ফিরবে বলেও উল্লেখ করেন তিনি।
ফারুক বলেন, “আমরা অবশ্যই সংসদে ফিরে যেতে চাই। সেখানে দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ জনগণের সমস্যার বিষয়ে কথা বলার সুযোগ চাই।”
সংসদের চলতি দ্বাদশ অধিবেশন শেষ হচ্ছে আগামী ৮ মার্চ। প্রধান বিরোধী দল বিএনপি অষ্টম অধিবেশন থেকেই সংসদে অনুপস্থিত।
বিরোধী দলীয় প্রধান হুইপ অভিযোগ করেন, “সরকার সংসদে বিরোধী দলকে কথা বলতে দেয় না। আমাদের কোনো মূলতবি প্রস্তাব স্পিকার গ্রহণ করেন না।”
নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১২ মার্চ রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে চার দল ও সমমনারা। এ কর্মসূচি সফল করতেই জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়া নাগরিক ফোরাম (জিনাফ) মানববন্ধনের আয়োজন করে।
এতে অংশ নিয়ে ফারুক বলেন, “দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। মহাসমাবেশ কর্মসূচিতে বাধা দিতে সরকারপ্রধান থেকে শুরু করে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা যেভাবে হুঙ্কার ও উস্কানি দিচ্ছে, তা থেকেই প্রমাণ হয় যে সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না।”
সরকারের উদ্দেশে তিনি বলেন, “দয়া করে বাড়ি বাড়ি তল্লাশি ও গ্রেপ্তার বন্ধ করুন। শান্তিপূর্ণভাবে মহাসমাবেশ করতে আমরা সরকারের সহযোগিতা চাই।”
এ কর্মসূচিতে বাধা দেওয়ার পরিণতি শুভ হবে না বলেও সরকারকে সর্তক করে দেন ফারুক।
ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম অভিযোগ করেন, “মহাসমাবেশ উপলক্ষে ঢাকার হোটেল মালিকদের বলে দেওয়া হচ্ছে- ১২ মার্চের আগে কোনো বর্ডার থাকতে পারবে না। কমিউনিটি সেন্টারগুলোতেও বিয়ের অনুষ্ঠানের বুুকিং বাতিল করা হচ্ছে। এভাবে সরকার বাধা সৃষ্টি করছে।”
মহাসমাবেশ উপলক্ষে সারা দেশ থেকে নেতা-কর্মীদের এনে হোটেল ও কমিউনিটি সেন্টারগুলোতে রাখা হবে বলে এর আগে জানিয়েছিল বিএনপি।
জিনাফের সভাপতি মিয়া মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ কাইয়ুম, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি খন্দকার সগোলাম মূর্তজা, স্বাধীনতা ফোরামের সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নেতা আবু নাসের মো. রহমাতুল্লাহ, গণতান্ত্রিক লীগের নেতা সাইফুদ্দিন মনি এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৫১৩ ঘ.
bdnews24