২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অন্তবর্তী সরকারের রূপরেখা এখনই ঠিক করুন’

এ দাবি জানানোর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সরকারের কর্মকাণ্ডের পাশাপাশি প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের তীব্র সমালোচনা করেছেন ক্ষমতাসীন মহাজোটের শরীক দলের নেতা রাশেদ খান মেনন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 03:33 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী সংসদ নির্বাচন কোন সরকারের অধীনে হবে তা এখনই ঠিক করার দাবি জানিয়েছেন মহাজোট নেতা রাশেদ খান মেনন। আগামী নির্বাচনকালীন সরকারের রূপরেখা এবং প্রশাসনিক বিন্যাস নিয়ে আলোচনারও দাবি জানিয়েছেন তিনি। সরকারের নীতিনির্ধারকদের উদ্দেশ্যে ক্ষমতাসীন মহাজোট শরীক ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন বলেছেন, “এটা পরিষ্কার করুন। অন্তবর্তীকালীন সরকারের রূপরেখা স্থির করুন।” “এখনই সময়, এই ব্যাপারটি স্পষ্ট করুন। বিরোধী দল যেন বাইরে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে।” রোববার সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন করতে গিয়ে এ কথা বলেন তিনি। এ সময় বিরোধীদলকে সংসদে যোগ দিয়ে ‘অন্তবর্তী সরকার’ নিয়ে তাদের কোনো প্রস্তাব থাকলে তা তুলে ধরার আহ্বান জানান তিনি। মেনন বলেন, “এখানে আসতে লজ্জা হলে সংসদের বাইরে প্রস্তাব দিন।” ১৪ দলের অন্যতম শরিক দলের এই নেতা অর্থনীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পররাষ্ট্রনীতি, শিক্ষা ব্যবস্থা নিয়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। সংশোধিত সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের মেয়াদের শেষ ৯০ দিনে ‘অন্তর্র্বতী সরকারের’ অধীনে আগামী সংসদ নির্বাচন হওয়ার কথা। তবে বিএনপি দাবি করছে, ‘নির্দলীয় নিরপেক্ষ’ সরকারের অধীনে ওই নির্বাচন হতে হবে। সর্বশেষ ২০০৮ সালের সংসদ নির্বাচনসহ গত তিনটি নির্বাচন হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এরপর গতবছর সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল হয় এ ব্যবস্থা। ‘ মনে হয় তারা মনমোহন সিংয়ের উপদেষ্টা’ প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের তীব্র ভাষায় সমালোচনা করে মেনন বলেন, “উপদেষ্টারা এমন কথা বলেন- মনে হয় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা নয়, তারা ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উপদেষ্টা।” “তিস্তা নিয়ে, টিপাইমুখ নিয়ে, ট্রানজিটের মাশুল নিয়ে তারা বালখিল্যতা করে। আমলারা যারা এক্সটেনডেড গুডলাইফ লিড করছেন- তারা যখন এই ধরণের কথা বলেন- তখন জনমনে হতাশা সৃষ্টি হয়।” একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরাজমান সমস্যা নিরসনে ভারত সরকারে প্রতি আহ্বান জানান এই বাম নেতা। তিনি বলেন, “যখন দেখি তিস্তার পানি দেওয়া হয় না, সীমান্তে হত্যা হয়, আন্তঃনদী সুপ্রিম কোর্টে রায় বের হয়- তখন আমরা কোথায় দাঁড়িয়ে আছি। দু’দেশের সম্পর্ক ওয়ানওয়ে ট্রাফিক নয়।” ‘বিএনপি এখন গর্জন করছে’ সাম্প্রতিক সময়ে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে মেনন বলেন, “আজকে অর্থনীতিকে মোকাবেলা করে এগিয়ে নিতে হবে। এজন্য, খোলামেলা আলোচনার দরকার।” “যে বিএনপি’কে জনগণ প্রত্যাখ্যান করেছিল- তারা এখন বাঘের মতো গর্জন করছে। এখন আমাদের একটু ফিরে তাকানো উচিত। সামষ্টিক অর্থনীতি ঝুঁকির মুখে। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এখন ঝুঁকির মুখে।” “ইতিমধ্যে, সরকার আইএমএফ’র দ্বারস্থ হচ্ছে। এটা আমাদের নতুন নতুন ক্ষতি বয়ে আনবে।” প্রধানমন্ত্রীকে সমর্থন দাতা সংস্থাগুলোর বিষয়ে প্রধানমন্ত্রীর অবস্থান সমর্থন করে মেনন বলেন, “বিশ্ব ব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন স্থগিত করেছে। কিন্তু, বিশ্ব ব্যাংকের দুর্নীতি কে দেখবে?” “আমরা যখন অর্থনৈতিক মুক্তির দিকে এগিয়ে যাচ্ছি, তখন আইএমএফ আর বিশ্ব ব্যাংক আমাদের হাত মুচড়ে দিচ্ছে।” “এই ব্যাপারে প্রধানমন্ত্রীর অবস্থান আমি সমর্থন করি।” দেশের বৃহত্তম সেতু প্রকল্প পদ্মা সেতুতে ২৯০ কোটি ডলার ব্যয়ের ১২০ কোটি ডলার বিশ্ব ব্যাংক ঋণ হিসাবে দেওয়ার কথা ছিল। তবে প্রকল্পে ‘দুর্নীতি’র অভিযোগ তুলে সংস্থাটি অর্থ ছাড় স্থগিত রেখেছে। প্রকল্পের বাকি তিন সহযোগী বৈশ্বিক সংস্থাও অর্থ ছাড় করছে না। এ অবস্থায় প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্ব ব্যাংক ‘দুর্নীতি’ প্রমাণ করতে না পারলে প্রকল্পটিতে তাদের অর্থ নেওয়া হবে না। প্রয়োজনে সরকারি-বেসরকারি অংশিদারিত্বের ভিত্তিতে এ সেতু হবে। সর্বশেষ মালয়শিয়া এ সেতু নির্মাণে সরকারকে প্রস্তাব দিয়েছে। মহাজোট সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি মন্তব্য করে মেনন বলেন, “আমরা নির্বাচনের সময় রেশন চালুর কথা বলেছিলাম। এখনো সেই রেশন চালু হয়নি।” আইন-শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, “সাগর-রুনির হত্যাকাণ্ড নিয়ে যা হচ্ছে তা গ্রহণযোগ্য নয়। আমি বুঝতে পারছি না- স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়টি কেন প্রধানমন্ত্রীর ওপর ঠেলে দিয়েছেন?” ১২ মার্চে বিরোধী দলের ‘ঢাকা চলো’ কর্মসূচি প্রসঙ্গে মেনন বলেন, “তাদের (বিরোধী দল) মাথায় আছে তাহরির স্কোয়ার। নেতাদের মাথায় আছে জামায়াতের ডেথ স্কোয়াড নামিয়ে নাশকতা সৃষ্টি করবেন।” বক্তব্যের শুরুতে তিনি বলেন, “আমরা সংবিধানের চার স্তম্ভ ফিরিয়ে এনেছি। কিন্তু, ‘বিসমিল্লাহ’ ও রাষ্ট্রধর্ম ইসলাম রেখে অসাম্প্রদায়িক চেতনার অধিকারীদের বিভ্রান্ত করছি।” “আমরা ধর্মভিত্তিক রাজনীতি করার অনুমতি সংবিধানে দিয়ে রেখেছি। তাই তারা দল করে মানবাধিকারের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে।” “যুদ্ধাপরাধীদের বিচার যথেষ্ট নয়। তাদের রাজনৈতিকভাবে পরাজিত করতে হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/পিডি/২১২৭ ঘ.