২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী নদী রক্ষায় জাপা’র লংমার্চ সোমবার

টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদ এবং তিস্তার পানির ন্যায্য হিস্যা দাবিতে দুটি লংমার্চের পর এবার ফেনী নদী রক্ষার দাবিতে লংমার্চে যাচ্ছে জাতীয় পার্টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 02:15 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদ এবং তিস্তার পানির ন্যায্য হিস্যা দাবিতে দুটি লংমার্চের পর এবার ফেনী নদী রক্ষার দাবিতে লংমার্চে যাচ্ছে জাতীয় পার্টি। দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ সোমবারের এই লংমার্চে নেতৃত্ব দেবেন। জাতীয় পার্টি বলছে, বাংলাদেশের এই নদীর উপর ভারতের কোনো অধিকার নেই। অথচ ভারত এই নদীতে অনেকগুলো শক্তিশালী পাম্প বসিয়ে পানি নিয়ে যাচ্ছে। এতে শুধু ফেনী নয়, চট্টগ্রামের মিরসরাই, ফটিকছড়ি, খাগড়াছড়ি, রামগড়, নোয়াখালী ও কুমিল্লার একাংশ মরুতে পরিণত হচ্ছে। চেয়াম্যানের তথ্য ও রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে পাঁচশ গাড়ি নিয়ে লংমার্চ বনানী কার্যালয় থেকে সকাল সাড়ে ৮টায় শুরু হবে। এর আগে টিপাইমুখ বাঁধ নির্মাণ প্রক্রিয়া বন্ধের দাবিতে গত বছরের ১০ ও ১১ ডিসেম্বর সিলেটের জকিগঞ্জে ‘টিপাইমুখ লংমার্চ’ এবং তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে গত ১৭ ও ১৮ জানুয়ারি নীলফামীর তিস্তা অভিমুখে ‘তিস্তা লংমার্চ’ করে দলটি। সিলেটের লংমার্চে টিপাইমুখ বাঁধ নির্মাণ প্রক্রিয়া বন্ধের দাবির পাশাপাশি নির্বাচনী প্রচারণা চালালেও তিস্তা লংমার্চের পুরো সময় জুড়ে নির্বাচনী প্রচার চালান এরাশদ। শেষদিন তিস্তা ব্যারেজ মাঠে জনসভায় এরশাদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে নির্বাচনের ঘোষণা দেন। সুনীল শুভ রায় বলেন, “সোমবার বিকালে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে জনসভায় দলের চেয়ারম্যান এরশাদ বক্তব্য দেবেন। এ ছাড়া সাত থেকে আটটি পথসভায়ও বক্তব্য রাখার সম্ভাবনা রয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/২০০৫ ঘ.