ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশ ও জনগণের কল্যাণে দেশের সীমিত সম্পদ বিজ্ঞানসম্মতভাবে উন্নয়ন কাজে ব্যবহারে এগিয়ে আসার জন্য প্রকৌশলী, প্রযুক্তিবিদ ও বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার দুপুরে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নবনির্মিত তড়িৎ ও কম্পিউটার কৌশল ভবনের উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
দেশের ব্যাপক জনগোষ্ঠীকে মানব সম্পদে পরিণত করতে তথ্য প্রযুক্তি খাতে আরো দক্ষ জনশক্তি তৈরির আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, “আমরা বিশ্বাস করি-দক্ষ জনসম্পদের চেয়ে কোন সম্পদই বড় নয়।”
দেশের মেধাবী তরুণদের যোগ্য মানব সম্পদ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বুয়েট অগ্রণী ভূমিকা পালন করতে পারে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বুয়েট ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) তৈরি করে নির্বাচন প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করেছে।
বর্তমান শতাব্দীতে জ্ঞানই হবে মূলধন এবং বিশ্বে তথ্য প্রযুক্তির অভাবনীয় উন্নয়ন সারা বিশ্বের উন্নয়ন ক্ষেত্রে এক নবদিগন্তের সূচনা করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
প্রযুক্তিভিত্তিক উন্নয়ন বাংলাদেশকে উচ্চ শিখরে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
“প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন ও প্রয়োগ মানব সভ্যতাকে উন্নত থেকে উন্নততর পর্যায়ে নিয়ে যাচ্ছে, এক্ষেত্রে আমাদের পিছিয়ে থাকার সুযোগ নেই”, বলেন হাসিনা।
প্রযুক্তি বিদ্যায় উন্নয়নের জন্য নতুন প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, “নতুন নতুন আবিষ্কার এবং নতুন প্রযুক্তির প্রয়োগ মানব সভ্যতাকে উন্নত থেকে উন্নতর পর্যায়ে নিয়ে যেতে পারে।”
ডিজিটাল বাংলাদেশ গঠনে সরকারের বিভিন্ন পদক্ষেপে বুয়েটের সহায়তার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।
স্বাধীনতা বিরোধী শক্তি এবং বঙ্গবন্ধুর খুনীরা একত্রিত হয়ে সরকারের উন্নয়ন প্রচেষ্টাকে ব্যাহত করছে বলে মন্তব্য করেন হাসিনা।
বুয়েটের উপাচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক এম হাবিবুর রহমান বক্তৃতা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/১৯১১ ঘ.
bdnews24