২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখন থেকে ই-মেইলে চিঠি পাবেন সংসদ সদস্যরা

সংসদ সদস্যদের প্রযুক্তিবান্ধব হওয়ার আহ্বান জানিয়ে কাগজের বদলে এভাবে চিঠি পাঠানোর কথা জানালেন স্পিকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 12:18 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অধিবেশন থেকে সংসদ সদস্যদের কাছে স্পিকারের সব চিঠি কাগজের পরিবর্তে ই-মেইলে যাবে। সংসদ সদস্যদের প্রযুক্তিবান্ধব হওয়ার আহ্বান জানিয়ে রোববার এই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন আবদুল হামিদ। রোববার সংসদে ‘বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিল-২০১২’ পাসের প্রক্রিয়ার সময় তিনি বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সংসদ সদস্যদের আরো এগিয়ে আসতে হবে। বিল পাস প্রক্রিয়ায় জনমত যাচাইয়ের প্রস্তাবে স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিমের বক্তব্যের জবাবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, বিলটি সম্পর্কে মন্তব্যের জন্য এটি অনলাইনে দেওয়া ছিল। “সংসদ সদস্য কি সেখানে কোনো মন্তব্য দিয়েছেন,” উল্টো প্রশ্ন করেন মন্ত্রী। তখন স্পিকার বলেন, প্রত্যেক সংসদ সদস্যকে একটি করে ই-মেইল ঠিকানা দেওয়া হয়েছে। “কিন্তু, আমিসহ অনেক সদস্যই অ্যানালগ টাইপের। আমরা এগুলো হ্যান্ডেল করতে পারি না। আমি এর মধ্যে অনেক সদস্যকে ই-মেইল পাঠিয়েছি। কিন্তু, কোনো উত্তর পাইনি।” তবে প্রত্যেক সদস্যকে একজন করে ব্যক্তিগত সহকারী দেওয়া হয়েছে, যারা কম্পিউটার অপারেটর বলে জানান স্পিকার। এরপর তিনি বলেন, “আগামীতে যখন আমি সংসদ অধিবেশন ডাকব, তখন আপনাদের কাছে কোনো কাগজ যাবে না, ই-মেইল যাবে। সংসদের দৈনন্দিন কাগজপত্রও ই-মেইলে যাবে।” সংসদ সদস্যদের জন্য ১৬৮টি কম্পিউটার বরাদ্দ দেওয়া হলেও ১২১ জন তা নিয়েছেন বলে স্পিকার জানান। আগামীতে আরো দু’শ’ কম্পিউটার দেওয়া হবে- এই তথ্য জানানোর পাশাপাশি ধনী সংসদ সদস্যদের নিজের অর্থেই একটি করে ল্যাপটপ কিনে নেওয়ার পরামর্শ দেন আব্দুল হামিদ। প্রাথমিকে কম্পিউটার শিক্ষার সুপারিশ ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে প্রাথমিক স্কুল পর্যায় থেকে শিশুদের কম্পিউটারের সঙ্গে পরিচিত করানোর তাগিদ দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। রোববার এই কমিটির প্রথম বৈঠকে এই তাগিদ দেওয়া হয় বলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বৈঠকে প্রতিটি উপজেলায় গঠিত তথ্য প্রযুক্তি কমিটিকে কার্যকরের সুপারিশও করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় গঠিত হওয়ার পর এই সংসদীয় কমিটির প্রথম সভায় কমিটির সভাপতি মো. আব্দুল ওয়াদুদ (রাজশাহী-৫) সভাপতিত্ব করেন। কমিটির সদস্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, জুনাইদ আহমেদ পলক, বেগম ফজিলাতুন নেসা, কে এম খালিদ এবং সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া বৈঠকে অংশ নেন। বৈঠকে ৩১৭২টি শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত কম্পিউটার ল্যাব সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না, তা তদারকি জোরদারের সুপারিশও দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এমআই/১৮১৫ ঘ.