চট্টগ্রাম, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাসমাবেশকে সামনে রেখে ক্রমেই কাছে আসতে শুরু করেছেন চট্টগ্রাম আওয়ামী লীগের বিভক্ত নেতারা। গেল মাসে একসঙ্গে বৈঠক করার পর এবার তারা উঠলেন একমঞ্চে।
রোববার দুপুরে নগরীর পেনিনসুলা হোটেলে মহাসমাবেশের প্রস্তুতি হিসেবে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের এক প্রতিনিধি সভায় তিন সাংগঠনিক জেলার নেতা ছাড়াও চট্টগ্রামে আওয়ামী লীগ থেকে নির্বাচিত মন্ত্রী ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় নগর আওয়ামী লীগের বিবদমান পক্ষের নেতারা ২৮ মার্চের মহাসমাবেশ সফল করার আহ্বান জানান। ওই দিন নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের মহাসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
নবম জাতীয় সংসদ নির্বাচনের পর নগর সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসি ও সে সময়ের মেয়র ও নগর সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর মধ্যে বিরোধ দেখা দেয়। এরপর নগরের যুগ্ম সম্পাদক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফসারুল আমীন নুরুল ইসলাম বিএসসির পক্ষ নেন।
মূলত এর পর থেকেই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ বিভক্ত হয়ে পড়ে। দলীয় ও জাতীয় কর্মসূচিতেও তাদের আদালভাবে অংশ নিতে দেখা গেছে।
সর্বশেষ গত ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও সভাপতিমণ্ডলীর সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর বাসায় অনুষ্ঠিত বৈঠকে মহিউদ্দিন, মোশাররফ, আফসারুল আমীনসহ তিন জেলার গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন।
রোববারের সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ইসহাক মিয়া, নগর সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, নগরের যুগ্ম সম্পাদক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফসারুল আমীন, বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ, নগর সহ-সভাপতি ও সাংসদ নুরুল ইসলাম বিএসসি, সাংসদদের মধ্যে এবিএম ফজলে করিম চৌধুরী, এ বিএম আবুল কাশেম মাস্টার, শামসুল হক চৌধুরী, এম এ লতিফ, হাসিনা মান্নান, চেমন আরা তৈয়ব, জেলা প্রশাসন প্রশাসক এম এ সালাম, সিডিএ চেয়ারম্যান আবদুস ছালাম, নগর সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, দক্ষিণের সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন আহমদ।
সভায় জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি ও বোয়ালখালীর সাংসদ মঈনুদ্দিন খান বাদলও উপস্থিত ছিলেন।
মহিউদ্দিন চৌধুরী অতীতে নেতাদের মধ্যে যা হয়েছে তা বাদ দিয়ে ২৮ মার্চে মহাসমাবেশ সফল করার আহ্বান জানান। নগর রাজনীতিতে তার বিরোধী বলে পরিচিত প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফসারুল আমীন মিলেমিশে দলীয় সভানেত্রীর সমাবেশ সফল করার ওপর গুরুত্বারোপ করেন।
উত্তর জেলার সাধারণ সম্পাদক এম এ সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মূলত ঐক্যবদ্ধভাবে ২৮ মার্চের মহাসমাবেশ সফল করার বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।”
সালাম জানান, মহাসমাবেশ প্রস্তুতির কর্মকাণ্ড পরিচালনা করতে ২৮ মার্চ পর্যন্ত নগরীর মোমিন রোডের প্রিয়া কমিউনিটি সেন্টার অস্থায়ী কার্যালয় স্থাপন করা হবে। মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটানোর লক্ষ্য নিয়ে কাজ চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৭৩১ ঘ.
bdnews24