২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাবেশের প্রস্তুতিতে খালেদার সন্তোষ

ঢাকায় বিএনপির আগামী ১২ মার্চের মহাসমাবেশের প্রস্তুতি কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2012, 04:30 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় বিএনপির আগামী ১২ মার্চের মহাসমাবেশের প্রস্তুতি কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া। তার গুলশান কার্যালয়ে শনিবার রাতে মহানগর কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা। এর পর এক সংবাদ ব্রিফিংয়ে দলের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক সাদেক হোসেন খোকা বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে এই মহাসমাবেশ করার কাজ এগিয়ে নিচ্ছি। প্রস্তুতি কাজ ও প্রচারণার বিষয়ে নেওয়া পরিকল্পনার সব কিছু শুনে নেত্রী সন্তোষ প্রকাশ করেছেন।” “সরকারের উস্কানি ও মহল বিশেষের কুচক্রি তৎপরতার মুখেও আমরা এই মহাসমাবেশ সফল করবই।” আগামী ১২ মার্চ নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে দুপুর ২টায় এই মহাসমাবেশ হবে। শনিবারের বৈঠকে সাদেক হোসেন খোকা ছাড়াও বিএনপির ঢাকা মহানগর আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবদুস সালাম, যুগ্ম আহবায়কবৃন্দ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্র দল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, যুব দল উত্তরের আহবায়ক এস এম জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে ‘ঢাকা চলো’ কর্মসূচির ওপর নির্মিত একটি থিম সং খালেদা জিয়াকে শোনানো হয়। ‘নির্দলীয় নিরপেক্ষ’ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে এ মহাসমাবেশের ঘোষণা গত ৯ জানুয়ারি চট্টগ্রামে এক সমাবেশে দিয়েছিলেন খালেদা। গতবছর সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হওয়ার পর থেকে তা পুনর্বহালের দাবি জানিয়ে আসছে বিএনপি। ওই প্রসঙ্গে স¤প্রতি দলটি ‘তত্ত্বাবধায়ক’-এর পরিবর্তে ‘নির্দলীয় নিরপেক্ষ’ শব্দবন্ধ ব্যবহার করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২৩১ ঘ.