২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার সেনাবাহিনীকে দুর্বল করতে চায়: ফখরুল

সরকার সেনাবাহিনীকে জঙ্গিবাদে সম্পৃক্ত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2012, 02:43 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার সেনাবাহিনীকে জঙ্গিবাদে সম্পৃক্ত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বিকালে বলেন, “পত্র-পত্রিকায় বিবৃতি দিয়ে তারা সেনাবাহিনীর ভেতরে জঙ্গি ঢুকিয়ে এই সুশৃঙ্খল বাহিনীকে দুর্বল করতে চায়। আমরা কখনো দেশপ্রেমিক সেনাবাহিনীকে দুর্বল হতে দেব না।” একই সঙ্গে বিএনিপর আগামী ১২ মার্চের মহাসমাবেশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনাও করেন ফখরুল। ওই সমাবেশ সফল করতে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) আয়োজিত এক প্রতিনিধি সভায় কথা বলছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। মহাসমাবেশ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, “প্রধানমন্ত্রী সঠিক কথা বলেননি। তিনি (শেখ হাসিনা ) বলেছেন, ১২ মার্চ মহাসমাবেশ করে বিএনপি নাকি জেনোসাইড করতে চায়।” “আমরা স্পষ্টভাষায় বলতে চাই- বিএনপি হত্যা কিংবা জেনোসাইডের রাজনীতিতে বিশ্বাস করে না।” আওয়ামী লীগের বিরুদ্ধে ‘হত্যার রাজনীতি’ করার অভিযোগ এনে তিনি বলেন, “অতীতে শেখ হাসিনা চট্টগ্রামের এক সমাবেশে বলেছিলেন একজন হত্যা হলে ১০ জন হত্যা করা হবে।” “পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।” স¤প্রতি সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার প্রসঙ্গও উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, “তার (শেখ হাসিনা) হাত রক্তে রঞ্জিত।” শুক্রবার এক সভায় বিরোধী দলকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “বিশৃঙ্খলা সৃষ্টির যে কোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।” এলডিপির সভাপতিমণ্ডলীর সদস্য রেদোয়ান আহমেদের সভাপতিত্বে প্রতিনিধি সভায় অন্যদের মধ্যে দলের মহাসচিব অধ্যাপিকা জাহানারা বেগম, যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম, সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ দিদার বখত, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০৪০ ঘ.