ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে সারাদেশ থেকে চার দল ও সমমনা সংগঠনগুলোর কয়েক লাখ লোক ঢাকার মহা সমাবেশে সমবেত হবে বলে আশা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শনিবার সকালে এক প্রতিনিধিসভায় তিনি বলেন, “১২ মার্চ হবে রাজনীতির টার্নিং পয়েন্ট। এর মাধ্যমে নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে।”
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের ওপর থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, “এ সরকারের সূর্য অস্তমিত হচ্ছে। সারাদেশে গণজোয়ারে এখন বিএনপির সূর্য উদীয়মান।”
আওয়ামী লীগের ‘যেনতেনভাবে’ আবারো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন সফল হতে দেওয়া হবে না- এমন মন্তব্য করে তিনি বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায়’ এই সরকারের বিদায় নিশ্চিত করা হবে।
আগামী নির্বাচন নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে আয়োজনের দাবিতে ১২ মার্চ নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মহাসমাবেশ করবে বিএনপি ও সমমনারা। এ কর্মসূচি সফল করার লক্ষ্যে এই প্রতিনিধি সভার আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল।
মহাসমাবেশে বাধা না দেওয়ার আহবান জানিয়ে নজরুল ইসলাম খান সরকারের উদ্দেশে বলেন, “আমাদের শান্তিপূর্ণভাবে মহাসমাবেশ করতে দিন। আমরা কোনো বিশৃঙ্খলা ও গোলমাল চাই না।”
আগামীতে আর ক্ষমতায় যেতে পারবে না জেনেই সরকার সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির বিলোপ করেছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “নিজেদের অধীনে নির্বাচন করার আইন পাস করেছে। তারা (আওয়ামী লীগ) মানুষের ভোট কারচুপি ও ডাকাতি করে বিজয়ী হতে চায়। কেবল তাই নয়, সেই বিজয়কে আরও নিশ্চিত করতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন চালু করেছে।”
এই সরকারের হাত থেকে মুক্তির জন্য মহাসমাবেশে শ্রমিক দলসহ সব সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করার আহবান জানান নজরুল ইসলাম খান।
শ্রমিক দলের কার্যকরী সভাপতি আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে এ সভার সংগঠনের সাধারণ সম্পাদক জাফরুল হাসানও বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৩১৫ ঘ.
bdnews24