২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ৮ জনের বিচারে এই মাসেই ট্রাইব্যুনাল

যুদ্ধাপরাধের অভিযোগে আরো আট জনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে জানিয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, তাদের বিচারের জন্য এই মাসেই আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2012, 02:33 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের অভিযোগে আরো আট জনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে জানিয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, তাদের বিচারের জন্য এই মাসেই আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে। শুক্রবার এক আলোচনা সভায় তিনি একথা বলেন। বর্তমান ট্রাইব্যুনালে আটক আট জনের বিচার এই বছরের শেষ হবে বলে আশা করছেন তিনি। একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে ২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর গোলাম আযম, সালাউদ্দিন কাদের চৌধুরীসহ আট জনকে গ্রেপ্তারের পর তাদের বিচার চলছে। অন্যরা হলেন- মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদ, দেলাওয়ার সোসেন সাঈদী, আব্দুল কাদের মোল্লা, মো. কামারুজ্জামান ও আব্দুল আলীম। যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার জন্য আরেকটি ট্রাইব্যুনাল গঠনের কথা মন্ত্রীরা বলে আসছিলেন। যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় আইনমন্ত্রী বলেন, “আরো আট জনের বিষয়ে তদন্ত শেষ হয়েছে। এদের বিচারের জন্য মার্চ মাসেই আরো একটি ট্রাইব্যুনাল কাজ শুরু করবে।” আটক আট জনের বিচার এই বছরের মধ্যে শেষ করার আশা প্রকাশ করে তিনি বলেন, ৪০ বছর পর এই বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় সুষ্ঠু তদন্তের জন্য কিছুটা সময় লাগছে। “ধীরে ধীরে দেশের অন্যান্য স্থানের যুদ্ধাপরাধীদেরও বিচারের আওতায় আনা হবে,” বলেন শফিক। বিচারের স্বচ্ছতা প্রসঙ্গে তিনি বলেন, এই বিচারকে যেন প্রশ্নবিদ্ধ না করা যায়, সে জন্য অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ এবং আইনজীবী নিয়োগের সুযোগও দেওয়া হয়েছে। অভিযুক্তদের আইনজীবীরা সাক্ষীদের জেরা করার সুযোগও পাচ্ছেন। যুদ্ধাপরাধীদের রক্ষা করতে দেশে ও বিদেশে ষড়যন্ত্র হচ্ছে দাবি করে আইনমন্ত্রী বলেন, “জামায়াত প্রতিনিধিরা টাকা দিয়ে জাতিসংঘের মতো জায়গাতেও এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে চায়।” সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া চূড়ান্ত করার মাধ্যমে দেশ থেকে চিরতরে মৌলবাদী রাজনীতির চির অবসান ঘটবে।” সভায় সেক্টর কমান্ডার্স ফোরামের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ বলেন, “রাজাকার, আল বদর, আল শামসদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের সহাবস্থান সম্ভব নয়। তাদের চিহ্নিত করে সমাজ থেকে বিতাড়িত করতে হবে।” তরুণ পেশাজীবী পরিষদ আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার বজলুল হক, কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/২০৩১ ঘ.