ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্মসূচি পালনের ক্ষেত্রে বিরোধী দলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার দলের এক সভায় বিরোধী দলকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, “শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক কর্মসূচি করুন। সরকার বাধা দেবে না। কিন্তু, বিশৃঙ্খলা সৃষ্টির যে কোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।”
রাতে গণভবনে আওয়ামী লীগের এক যৌথসভায় শেখ হাসিনা এই হুঁশিয়ারি দেন। দলের দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচির আগে অনুষ্ঠিত এই সভায় কেন্দ্রীয় নেতারাসহ ঢাকার আশপাশের জেলার নেতারা অংশ নেন।
যৌথসভায় প্রারম্ভিক বক্তব্যের পর নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় আওয়ামী লীগ সভানেত্রী বলেন, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি চাইলে করতে পারেন, তা না হলে, তার জবাব পাবে। কোনো রকম উল্টাপাল্টা করলে খবর আছে।
আগামী ১২ মার্চ ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করেই শেখ হাসিনার এই হুঁশিয়ারি। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে এই কর্মসূচির কথা বিএনপি-জামায়াত জোট বললেও আওয়ামী লীগের দাবি, যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্যই এই কর্মসূচি।
প্রধানমন্ত্রী বলেন, “যদি তাদের কোনো দুরভিসন্ধি থাকে, তাহলে খবর পাব। আর, সে অনুযায়ী ব্যবস্থাও নেব।”
কর্মসূচিতে বাধা দেওয়ার যে অভিযোগ বিরোধী দল তুলছে, তার জবাবে শেখ হাসিনা বলেন, “আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। তা করি বলেই ১৮ ডিসেম্বরের পরও তারা কার র্যালি করতে পারছে।”
গত বছরের ১৮ ডিসেম্বর বিএনপির ‘মুক্তিযোদ্ধা সমাবেশের’ দিন ঢাকাসহ কয়েকটি স্থানে বিক্ষিপ্ত বোমাবাজি এবং গাড়িতে আগুনের ঘটনায় দুজন মারা যায়।
মার্চ মাসজুড়ে আওয়ামী লীগের কর্মসূচি রয়েছে। এর মধ্যে ঐতিহাসিক ৭ মার্চ আওয়ামী লীগ শোভাযাত্রা করবে। বিএনপির মহাসমাবেশের আগের দিন ১১ মার্চ মানববন্ধন এবং এক দিন পর ১৪ মার্চ মহাসমাবেশ করবে ১৪ দল।
গণভবনে বৈঠকে প্রারম্ভিক বক্তব্যে শেখ হাসিনা বিভিন্ন বিষয়ে কথা বলেন। এক পর্যায়ে উপস্থিত নেতাদের মধ্যে থেকে এক জন বলে ওঠেন, “আপা ১২ মার্চ ...।” তখনই শেখ হাসিনা বিরোধীদলের প্রতি কঠোর হুঁশিয়ারিমূলক বাক্যগুলো বলেন।
এসব কর্মসূচিতে সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে দলীয় নেতাদের নির্দেশ দেন আওয়ামী লীগ সভানেত্রী।
তিনি বলেন, “৭ মার্চ প্রত্যেক ওয়ার্ড থেকে কালারফুল র্যালি আসবে। ১১ তারিখের মানববন্ধন, ১৪ তারিখের জনসভা সফল করতে হবে। এখন থেকে প্রস্তুতি নিতে হবে।”
বিরোধী দলের কর্মসূচির দিকেও সতর্ক দৃষ্টি রাখার পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, “সমাবেশ-মহাসমাবেশের পেছনে আর কোনো ষড়যন্ত্র আছে কি না বা পাকিস্তানি হানাদার বাহিনীর মতো গণহত্যা চালাতে চায় কি না, এই জন্য দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকতে হবে।”
“বিরোধী দল আন্দোলনের ডাক দিয়েছে রাজাকার ও যুদ্ধাপরাধীদের বাঁচাতে। যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে ও স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে। তারা এই আন্দোলন মেনে নেবে না,” বলেন তিনি।
আওয়ামী লীগ প্রধান বলেন, ভবিষ্যতে আর রাজাকারের গাড়িতে জাতীয় পতাকা যেন না উঠতে পারে, সে ব্যবস্থা নিতে হবে।
২০০১ সালে নির্বাচনের পর হিন্দুদের ওপর নির্যাতনে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান তিনি। হাই কোর্টের নির্দেশে গঠিত একটি কমিশন তাদের প্রতিবেদনে এর সঙ্গে জড়িত ২০ হাজারের বেশি ব্যক্তিকে চিহ্নিত করেছে, যার মধ্যে বিএনপি-জামায়াত সরকারের ২৬ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী রয়েছেন।
শেখ হাসিনা তার বক্তব্যে ৭ মার্চের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, “আমি অবাক হলাম, মার্চ মাসটাকে বিরোধীদলীয় নেতা আন্দোলনের জন্য বেছে নিলেন কেন? যুদ্ধাপরাধী, স্বাধীনতাবিরোধী ও মানবতাবিরোধী অপরাধীদের বাঁচানোর জন্য? রহস্যটা কী ?”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২২৫২ ঘ.
bdnews24