ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের রক্ষায় বিদেশ থেকে অর্থ আসছে বলে দাবি করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের মুখপাত্র মাহবুব-উল আলম হানিফ।
বিএনপির ১২ মার্চের মহাসমাবেশ যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য দাবি করে ওই কর্মসূচি প্রত্যাহারের আহ্বানও জানান তিনি।
শুক্রবার শিল্পকলা একাডেমিতে এক সভায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হানিফ বলেন, “জামায়াত এবং যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য বিদেশ থেকে প্রচুর অর্থ আসছে। সেই ভরসায় ক্ষমতা দখলের স্বপ্ন দেখলে তা কখনোই পূরণ হবে না।”
বিএনপির ১২ মার্চের কর্মসূচিকে ‘দুর্ভাগ্যজনক’ মন্তব্য করে তিনি বলেন, “যুদ্ধাপরাধের বিচার শুরুর পর থেকে বিএনপি সরকার পতন আন্দোলন শুরু করেছে। কেন? বেগম খালেদা কী কারণে যুদ্ধাপরাধীদের বাঁচাতে এত আগ্রহী?”
“মার্চ মাস স্বাধীনতার মাস। আমাদের অনুরোধ, যদি স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি আপনাদের শ্রদ্ধাবোধ থাকে, তাহলে ১২ তারিখের কর্মসূচি প্রত্যাহার করুন,” বলেন হানিফ।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে ১২ মার্চ ঢাকার মহাসমাবেশে জামায়াতে ইসলামীসহ বিএনপির জোটসঙ্গী দলগুলোও অংশ নিচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পদক মির্জা ফকরুল ইসলাম আলমগীর দুদিন আগেই সরকারকে হুঁশিয়ার করে বলেছেন, মহাসমাবেশে বাধা দিলে ১২ মার্চ থেকেই সরকার পতনের এক দফা আন্দোলন শুরু করবেন তারা।
তার এই হুঁশিয়ারির জবাবে হানিফ বলেন, “আপনারা যে হুমকি দিচ্ছেন তা কখনোই সফল হবে না। বাংলার মানুষ রুখে দাঁড়াবে। যুদ্ধাপরাধীদের বাঁচানোর সমস্ত উদ্যোগ জনগণ নস্যাৎ করে দেবে।”
জামায়াত এবং যুদ্ধাপরাধীদের সঙ্গে মিত্রতা ছেড়ে বিএনপিকে সংসদে ফিরে দাবি-দাওয়া তুলে ধরার আহ্বান জানান আওয়ামী লীগ নেতা।
পাশাপাশি যুদ্ধাপরাধীদের রক্ষার ষড়যন্ত্রের বিরুদ্ধে আগামী ১৪ মার্চ ঢাকায় ১৪ দলের মহাসমাবেশে যোগ দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
ময়মনসিংহের গফরগাঁয়ের জামায়াত নেতা এবং অধ্যক্ষ কর্তৃক শহীদ মিনার ভেঙে পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় হাই কোর্টের পদক্ষেপের প্রশংসা করে হানিফ বলেন, “বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীকে সাধুবাদ জানাই, এ রকম একটি ঘটনার পরিপ্রেক্ষিতে স্বতপ্রণোদিত হয়ে রুল জারির জন্য।”
চলচ্চিত্র নির্মাতা আলমগীর কুমকুমের স্মরণে আয়োজিত ওই সভায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংস্কৃতিক আন্দোলনে প্রয়াতের ভূমিকার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আলমগীর কুমকুম ৬৬ বছর বয়সে গত ২৭ ফেব্রুয়ারি মারা যান।
তার স্মরণে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ওই সভায় হানিফ ছাড়াও বক্তব্য দেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, বিটিভির সাবেক মহাপরিচালক কাজী আবু জাফর সিদ্দিকী, জোটের আহ্বায়ক তারানা হালিম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমআই/১৭৩৩ ঘ.
bdnews24