সিলেট, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় জোটের রোড মার্চ ও জনসভার জন্য সোয়া কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগে বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক নোটিসে আগামী ৪ মার্চ সকাল ১০টায় তাকে হাজির হতে বলা হয়েছে।
গত ১১ অক্টোবর রোডমার্চ শেষে সিলেটে খালেদা জিয়ার ওই জনসভা হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলীর বিরুদ্ধে এরই মধ্যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত করছে দুদক।
মো. জাকির হোসেন জানান, দুর্নীতি দমন কমিশন আইনের ১৯ ও ২০ ধারা এবং কমিশন বিধিমালার ২০ বিধিসহ ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারা মতে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য শুনতে বৃহস্পতিবার নোটিসটি জারি করা হয়েছে।
তিনি বলেন, “জনসভার পরে কয়েকটি গণমাধ্যমে মোটা অঙ্কের টাকা খরচের বিষয়টি প্রকাশ হয়। এ নিয়ে দুদক কার্যালয়ে একটি লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে তলব নোটিস দেওয়া হয়েছে।”
নির্ধারিত সময়ে উপস্থিত হতে ব্যর্থ হলে ইলিয়াস আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয় হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে ইলিয়াসকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/২০৫০ ঘ.
bdnews24