ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে মার্চ মাসের মহাসমাবেশ সফল করতে জাতীয়তাবাদী দল সমর্থিত ৩০ সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার সকালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এই বৈঠক হয়।
‘নির্দলীয় নিরপেক্ষ সরকারের’ অধীনে নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ১২ মার্চ ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি।
বৈঠকের পর ফখরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১২ মার্চ ঢাকা চলো কর্মসূচি সফল করতে ধারাবাহিক সাংগঠনিক বৈঠকের অংশ হিসেবে ৩০ সংগঠনের সঙ্গে বৈঠক হয়েছে। ওই দিন একটি শান্তিপূর্ণ মহাসমাবেশের মাধ্যমে বিএনপি নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি তুলে ধরা হবে।”
বৈঠকে স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, হৃদয়ে বাংলাদেশের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর মো. হানিফ, জাতীয় নাগরিক পরিষদের সভাপতি খালেদা ইয়াসমিন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর মেহবুব রহমান, জিয়া স্মৃতি সংসদের সভাপতি আবদুল মান্নান জমাদার, স্বদেশ জাগরণ পরিষদের সভাপতি কামরুজ্জামান সেলিম, জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া মো. আনোয়ার, দেশ প্রেমিক যুব শক্তির সভাপতি আহসান উল্লাহ শামীম, ইয়ুথ ফোরামের সভাপতি সাইদ আহমেদ, জিয়া ব্রিগেডের সভাপতি জাহিদ ইকবাল, কর্মজীবী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আলতাফ সরদার, দেশনেত্রী সাংস্কৃতিক পরিষদের মহাসচিব এম এ রশিদ, মফস্বল মানবাধিকার সাংবাদিক ফোরামের সভাপতি সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী, জাতীয়তাবাদী মানবাধিকার ফোরামের সভাপতি রেজাউল কবির রেজা, জিয়া সেনার সাধারণ সম্পাদক মো. মঞ্জুর হোসেন ইসা প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৭৫৪ ঘ.
bdnews24