২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঐতিহাসিক ৭ মার্চে ঐতিহাসিক শোভাযাত্রার প্রস্তুতি আ. লীগের

যৌথসভার পর আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ৭ মার্চ ঐতিহাসিক দিনে ঐতিহাসিক শোভাযাত্রা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2012, 11:51 AM

Updated : 24 Aug 2022, 10:53 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির মহাসমাবেশের চার দিন আগে ঐতিহাসিক ৭ মার্চে ঢাকায় এ যাবৎকালের সবচেয়ে বড় জনসমাগমের প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই কর্মসূচিকে সামনে রেখে বুধবার দলীয় কার্যালয়ে এক যৌথসভার পর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ সাংবাদিকদের বলেছেন, “৭ মার্চের ঐতিহাসিক দিনে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ র‌্যালি হবে।” ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে স্মরণকালের বৃহত্তম জনসভায় বলেছিলেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।” আনুষ্ঠানিক ঘোষণা না হলেও বঙ্গবন্ধুর ওই ভাষণেই স্বাধীনতার দিক নির্দেশনা ছিল, আর তা ধরেই সংগ্রামের প্রস্তুতি নিতে থাকে বাঙালিরা। আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ৭ মার্চ পালন করে থাকে। এবার দিনটিতে সোহরাওয়ার্দী উদ্যান থেকে শোভাযাত্রা শুরু করবে আওয়ামী লীগ। রেসকোর্স ময়দানের একটি অংশেই গড়ে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যান। ৭ মার্চ বিকাল ৩টায় শুরু হয়ে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে গিয়ে শেষ হবে আওয়ামী লীগের শোভাযাত্রা। শোভাযাত্রা উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোভাযাত্রার প্রস্তুতিমূলক এই যৌথসভায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সম্পাদক ও সদস্যরা ছাড়াও সহযোগী সংগঠন, ঢাকা মহানগর আওয়ামী লীগ এবং মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতরা অংশ নেন। বিএনপির মহাসমাবেশকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু সভায় বলেন, “তাদের (বিরোধী দল) সারাদেশের নেতা-কর্মীদের জন্য ঢাকা মহানগর আওয়ামী লীগই যথেষ্ট। বঙ্গবন্ধুকন্যা আগামী ৭ মার্চে তার বাবার মতো সব ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলার জনতাকে জাগিয়ে তুলবেন।” সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, “৭ মার্চ ঢাকায় জনতার ঢল নামাতে হবে। ঢাকাকে জনসমুদ্রে পরিণত করতে হবে। তখন দেখা যাবে, কে কত লোক আনতে পারে।” ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, “৭ মার্চ এমন র‌্যালি হবে যে বিএনপির ঢাকায় আসার সাধ মিটে যাবে। মার্চ মাস আওয়ামী লীগের মাস। এই মাসে ঢাকা আমাদের দখলে থাকবে।” তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে বিএনপি ১২ মার্চ ঢাকায় সমাবেশ করবে, যাতে সারাদেশ থেকে নেতা-কর্মী-সমর্থকরা অংশ নেবে। আওয়ামী লীগ নেতারা দাবি করেন, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করাই বিএনপির আন্দোলনের উদ্দেশ্য। উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, “যখন থেকে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। তখন থেকে বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে। তাই মার্চ মাসের প্রতিটি দিন আমাদের সবাইকে সর্তক থাকতে হবে।” যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, “আওয়ামী লীগ জনতার ভোটেই ক্ষমতায় এসেছে। কোনো ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি। যুদ্ধাপরাধীদের বিচার হবেই হবে। আদালত যে রায় দেবে, তা বাস্তবায়ন করতেই হবে।” হানিফ সাংবাদিকদের বলেন, “আমরা দুটি কারণে ৭ মার্চ এই শোভাযাত্রা করছি। প্রথমত, যথাযোগ্য মর্যাদায় ৭ মার্চ পালন করতে। দ্বিতীয়ত, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে বিরোধীদল যে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে, তার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে।” বিএনপিকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা কোনো ধরনের অপতৎপরতা চালালে জনগণ তা রুখে দেবে। “বিএনপির প্রতিটি কর্মকাণ্ডে ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। তারা ১২ মার্চের কর্মসূচি ষড়যন্ত্রের দিকে নিতে চাইলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে,” বলেন হানিফ। ৭ মার্চের কর্মসূচিকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৭৪২ ঘ.