ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, প্রশাসনিক প্রয়োজনে চুক্তিভিত্তিক নিয়োগ অব্যাহত রাখা প্রয়োজন।
মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ কাজে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এ মন্ত্রী বলেন, “তা না হলে প্রশাসনের দাপ্তরিক কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেবে।”
“তবে সরকারি কর্মকর্তাদের চাকরি থেকে অবসরের বয়সসীমা বাড়ানোর ফলে চুক্তিভিত্তিক নিয়োগের সংখ্যা কমবে।”
সংরক্ষিত নারী আসনের সাংসদ অপু উকিলের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এ কথা জানান। প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন হয়।
অপু উকিল জানতে চান, সরকারি কর্মকর্তাদের চাকরির বয়স ৫৭ থেকে ৫৯ করার পর প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগের প্রয়োজন আছে কি না।
সংরক্ষিত নারী আসনের সাংসদ শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ জানান, দক্ষ প্রশাসন গড়ে তোলার লক্ষে সরকার সিভিল সার্ভিস আইন প্রণয়নের কাজ শুরু করেছে। এটি হলে সব স্তরে পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হবে।
ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে আশরাফ জানান, বর্তমান সরকার এ পর্যন্ত বিসিএস ক্যাডার পদে তিন হাজার ৬৫৩ জনকে নিয়োগ দিয়েছে এবং বিভিন্ন মন্ত্রণালয়ে দুই লাখ ১৭ হাজার ৭১৩টি পদ সৃজন করেছে।
আহমেদ নাজনীন সুলতানার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে সরকারের বিভিন্ন দপ্তরে শূন্যপদের সংখ্যা দুই লাখ ৩৯ হাজার ৭২৬টি।
সংরক্ষিত নারী আসনের সাংসদ সাধনা হালদারের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী শফিক আহমেদ জানান, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালের ১৭ অগাস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার মামলাগুলির মধ্যে ১০৭টি মামলার বিচার হয়েছে। এতে ১৮৭ জন অপরাধীর দণ্ড হয়েছে। এর মধ্যে ২৭ জনের মৃত্যুদণ্ড, ৭০ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও এক জনকে সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে। বাকিদের বিভিন্ন মেয়াদে কারা ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সাংসদ নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস জানান, সমুদ্রের ২০০ নটিক্যাল মাইল বাংলাদেশের জন্য অর্থনেতিক অঞ্চল হলেও এখানে মৎস্যসম্পদ জরিপের কাজ বন্ধ আছে। সামুদ্রিক মৎস্য জরিপ ব্যবস্থাপনা ইউনিটের মাধ্যমে ১২টি অবতরণকেন্দ্রের মাধ্যমে মৎস্য আহরণ তথ্য সংগ্রহ করা হলেও তা যথেষ্ট নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০৪৯ ঘ.
bdnews24