ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানলে সরকারকে কঠিন আন্দোলনের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।
রোববার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেছেন, “সরকারকে বলব, এখনো সময় আছে নির্দলীয় সরকার পুনর্বহালের জন্য আলোচনায় বসুন, সমঝোতায় আসুন। সময় চলে গেলে তখন সমঝোতা করতে চাইলেও জনগণ তা মেনে নেবে না।”
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির দাবিতে পাশাপাশি ১২ মার্চ ঢাকার মহাসমাবেশে বাধা না দিতেও সরকারকে হুঁশিয়ার করেছেন বিএনপির প্রচার সম্পাদক ফারুক।
“বাধা দিলে বিএনপি আঙুল চুষবে না। তাই সংঘর্র্ষের পথে আমাদের যেতে বাধ্য করবেন না। যেখানে বাধা দেওয়া হবে, সেখান থেকে কঠিন কর্মসূচি আসবে,” বলেন তিনি।
ভাষা শহীদ দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাসাস আয়োজিত আলোচনা সভায় ফারুক ছাড়াও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।
বিরোধী দলীয় নেতাকে কটাক্ষ করে প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রতিক্রিয়ায় তিনি বলেন, “প্রধানমন্ত্রীর মুখ দিয়ে ভাষা আগ্রাসন চালাচ্ছেন। এটা দেশের মানুষ গ্রহণ করবে না।”
জাসাসের ঢাকা মহানগর উত্তরের সভাপতি সানাউল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, সাংস্কৃতিক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৪২ ঘ.
bdnews24