ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করছেন দাবি করে এর বিরুদ্ধে জনমত গঠনের জন্য সেক্টর কমান্ডার্স ফোরামের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার ফোরামের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি এই আহ্বান জানান বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি নিয়ে গড়ে ওঠা সংগঠনটির নেতৃত্ব দেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহ।
প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতা যুদ্ধাপরাধীদের বাঁচাতে চেষ্টা করছেন। তবে এই বিচার বাংলার মাটিতে হবেই হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১২৩৫ ঘ.
bdnews24