২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে আসুন, বিএনপিকে মেনন

রাজপথে না থেকে প্রধান বিরোধী দল বিএনপিকে সংসদে গিয়ে ‘অন্তর্বর্তীকালীন সরকার’ নিয়ে কথা বলার আহ্বান জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2012, 04:53 PM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজপথে না থেকে প্রধান বিরোধী দল বিএনপিকে সংসদে গিয়ে ‘অন্তর্বর্তীকালীন সরকার’ নিয়ে কথা বলার আহ্বান জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেছেন, “১২ মার্চ ঢাকাকে তাহরির স্কোয়ার বানিয়ে সরকার পরিবর্তন করতে চাইলে বিএনপি চরম ভুল করবে। এর জন্য তাদের চরম মূল্য দিতে হবে।” “বিএনপির উচিত রাজপথ বেছে না নিয়ে, সংসদে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কথা তুলে ধরা।” মহানগর নাট্যমঞ্চে শনিবার বিকালে ওয়ার্কার্স পার্টি আয়োজিত ‘বাম বিকল্প শক্তি গড়ে তোলাসহ ১০ দফা’ দাবিতে এক সমাবেশে মেনন এ কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না থাকায় আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের শেষ ৯০ দিনে ‘অন্তর্বর্তীকালীন সরকারের’ অধীনে হওয়ার কথা। বেড রুমে সরকারের পক্ষে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়- প্রধানমন্ত্রীর এ বক্তব্যের সমালোচনা করে ১৪ দলের নেতা মেনন বলেন, “শুধু বেডরুম নয়, দেশের নাগরিক বিদেশে থাকলেও তার নিরাপত্তা সরকারকে নিশ্চিত করতে হবে।” সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ডের পর ওই মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী। গত ১১ ফেব্রুয়ারি ভোররাতের ওই হত্যাকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে মন্তব্য করে মেনন বলেন, “মন্ত্রী-এমপিদের বেতন ও সুযোগ-সুবিধা বাড়ে। কিন্তু, শ্রমিকদের কোনো বেতন ভাতা বাড়ে না।” সমাবেশে আরো বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, পলিট ব্যুরোর সদস্য বিমল বিশ্বাস, ফজলে হোসেন বাদশা প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২২৫২ ঘ.