চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মডেল বা ক্যাম্পাস ভিত্তিক থানা প্রতিষ্ঠার বিরোধিতা করেছে ‘প্রগতিশীল ছাত্রজোট’।
শনিবার দুপুরে চবি ক্যাম্পাস শিক্ষক ক্লাবে লিয়াজোঁ কমিটি ও চবি প্রগতিশীল ছাত্রজোটের বৈঠকে জোট নেতারা এই বিরোধিতা করেন বলে জানান কমিটি প্রধান ও চবি ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. খান তৌহিদ ওসমান।
চবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন ও ছাত্র ইউনিয়ন নিয়ে গঠিত ‘প্রগতিশীল ছাত্রজোট’ কমিটির কাছে ৮ দফা দাবিও জানিয়েছে।
ড. তৌহিদ বলেন, “তারা বিশ্ববিদ্যালয় দ্রুত খুলে দেওয়ার দাবিসহ কিছু প্রস্তাব করেছে।”
এর আগে লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকে চবি ছাত্রলীগ ও ছাত্রদলের নেতারা বিভিন্ন দাবির মধ্যে মডেল থানা প্রতিষ্ঠার দাবি জানায়।
ছাত্রজোটের ৮ দফা দাবি হলো- সন্ত্রাসমুক্ত নিরাপদ ক্যাম্পাস, সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের জন্য কার্যালয়ের ব্যবস্থা, টিএসসি ও চাকসু সংস্কার, হলে মেধার ভিত্তিতে আসন বরাদ্দ, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম ভাড়া হ্রাস করা, চাকসুর নির্বাচনের ব্যবস্থা ও নতুন হল নির্মান।
ছাত্র ফেডারেশনের সভাপতি শাহরিন ফেরদৌসী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কমিটি ক্যাম্পাসে থানা প্রতিষ্ঠা বিষয়ে জানতে চাইলে আমরা বিরোধিতা করেছি।”
এর আগে গত বুধবার চবি ছাত্রলীগ ও বৃহস্পতিবার ছাত্রদল ও ইসলামি ছাত্রশিবিরের সঙ্গে লিয়াজোঁ কমিটি আলাদা তিনটি বৈঠক করেছে।
গত ৮ ফেব্র“য়ারি ছাত্রলীগ-ছাত্রশিবিরের সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনার পরদিন বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় ১০ সদস্যের লিয়াজোঁ কমিটি ও একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সিন্ডিকেট সভার সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় ২ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২১৪ ঘ.
bdnews24