চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি মামুনুল হক ‘স্বেচ্ছায়’ পদত্যাগ করেছেন। ভারপ্রাপ্ত দায়িত্ব পেয়েছেন জ্যেষ্ঠ সহ-সভাপতি আবুল মনসুর সিকদার।
তবে মামুনুল হকের দাবি, অজ্ঞাত মুখোশধারীরা জোর করে সহ-সভাপতি মনসুরের পক্ষে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়ার স্বীকারপত্র আদায় করেছে।
অপরদিকে সহ-সভাপতির দাবি, ছাত্রলীগ কর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে মামুনুল স্বেচ্ছায় পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। পরে তাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
এ ঘটনার পর কথিত ভারপ্রাপ্ত সভাপতি তার সমর্থকদের নিয়ে বন্ধের মধ্যে চবি ক্যাম্পাসে সমাবেশও করেছেন।
চবি ছাত্রলীগের এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগ বলছে, চবিতে কোনো ভারপ্রাপ্ত সভপতি নেই। এখনো সভাপতি রয়েছেন মামুনুল হক।
তবে সভাপতি ও সহ সভাপতি গ্র“পের স্বেচ্ছায় পদত্যাগ ও আত্মস্বীকৃত সভাপতি ঘোষণার বিষয়টি শুনেছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগ।
বদিউজ্জামান সোহাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ঢাকার বাইরে আছি। শিগগির ফিরে এ বিষয়ে বিস্তারিত জেনে করণীয় নির্ধারণ করব আমরা।”
‘ভারপ্রাপ্ত সভাপতি’র সমাবেশ
শনিবার দুপুরে চবি ক্যাম্পাসে ভারপ্রাপ্ত সভাপতিকে নিয়ে সমাবেশ করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। সমাবেশে আবুল মনসুর সিকদারকে চবি’র ভারপ্রাপ্ত সভাপতি উল্লেখ করা হয়।
সমাবেশে ছাত্রলীগের থাকা শিবির চরকে সংগঠন থেকে বহিষ্কার এবং ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করা হয়। তবে অবাঞ্চিত ঘোষণার বিষয়ে কোনো নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়নি।
সমাবেশে ছাত্রলীগের সহ-সভাপতি রন্টুদাশ, যুগ্ম সম্পাদক সুমন মামুন, কেন্দ্রীয় সদস্য সাহেদ সরওয়ার, সাবেক সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মামুনুলের বিরুদ্ধে অভিযোগ, তার বক্তব্য
বৃহস্পতিবার রাত ১১টায় নগরীরর জিইসি মোড় এলাকার একটি রেস্টুরেন্টে ছাত্রলীগের এক কর্মী সমাবেশে হয়। এতে কর্মীরা সভাপতি মামুনুল হক ছাত্র শিবিরের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ করেন।
মামুনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাত ১২টায় গোলপাহাড় মোড় থেকে মুখোশধারীরা তার চোখ বেঁধে অজ্ঞাতস্থানে নিয়ে জোর করে কিছু কাগজপত্রে স্বাক্ষর নেয়।
শুক্রবার ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে তাকে ফেলে রেখে যায়। এরপর তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
তবে মামুনুল এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ করেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/ডিডি/২১৫২ ঘ.
bdnews24