ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে জাতিসংঘ ওয়ার্কিং গ্র“পের চিঠির প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত কাউকে অবৈধভাবে আটক করা হয়নি।
শনিবার রাজধানীর একটি হোটেলে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মানবাধিকার কমিশনের সদস্যদের মতবিনিময় অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, “এখানে কাউকে বিনা কারণে আটক করা হয় নাই। তথ্য উপাত্তের ভিত্তিতে বিচারের জন্য আটক করা হয়েছে।”
ট্রাইব্যুনালে বিচারাধীন জামায়াতে ইসলামী নেতাদের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক গত ১৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে বলেন, জাতিসংঘের ওয়ার্কিং গ্র“প ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বিষয়ে তাদের মতামত দিয়েছেন। গত ২৩ সেপ্টেম্বর পাঠানো এক চিঠিতে ওই আইন এবং বিচারের মান নিয়ে মন্তব্য করেছেন তারা।
“তারা অভিযুক্তদের আইনগত সহযোগিতাপ্রাপ্তি ও সাক্ষ্য প্রমাণ প্রাপ্তির ক্ষেত্রে বাধাহীন সুযোগ পাওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ‘প্রতিবন্ধকতা’ দেখতে পেরেছেন। জাতিসংঘ ওয়ার্কিং গ্র“প বলেছে, বিচারপূর্ব আটকের ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে অবশ্যই আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলতে হবে। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া অবশ্যই আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে”, যোগ করেন তিনি।
এর জবাবে আইনমন্ত্রী বলেন, “১৯৭১ সালে বাংলাদেশে যে জঘন্য মানবাধিকার লংঘনের ঘটনা ঘটেছে, ট্রাইব্যুনালে তারই বিচার চলছে। জাতিসংঘ থেকে একটি লিখিত বক্তব্য পেয়েছি। সেখানে তারা বলেছে, যাদের আটক করা হয়েছে- তা হয়েছে অবৈধভাবে।”
“আমি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই, বিচারের জন্য আটক আর অবৈধভাবে আটক এক কথা নয়। অবৈধভাবে আটক মানে হচ্ছে- যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তথ্য উপাত্ত নেই, বিচার প্রক্রিয়া শুরু হয় নাই- তাদের আটক করা। কিন্তু এদের প্রত্যেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তদন্ত কাজ চলছে, বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। তাই এটাকে কোনভাবেই অবৈধভাবে আটক বলা যাবে না।”
একাত্তরে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাটসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক ও বর্তমান আমীরসহ ছয়জন এবং বিএনপির একজন সাংসদসহ দুই নেতার বিচার চলছে। এদের মধ্যে একজন বিশেষ শর্তে জামিনে এবং বাকিরা কারাগারে রয়েছেন।
কম্বোডিয়ায় মানবতাবিরোধী অপরাধের বিচারের উদাহরণ টেনে আইনমন্ত্রী বলেন, “সেখানে একজন আসামিকে ৬ বছরও আটকে রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কোনো কোনো ক্ষেত্রে আসামিরা ১০ বছর পর্যন্ত আটক ছিলেন।”
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান ও সদস্যরা ছাড়াও সরকারের ২৪ জন সচিব এ মত বিনিময় অনুষ্ঠানে অংশ নেন।
‘বাংলাদেশে কোনো আদিবাসী নেই’
মত বিনিময় অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, আইএলও কনভেনশনে দেওয়া সংজ্ঞা অনুযায়ী বাংলাদেশে কোনো আদিবাসী (ইন্ডিজেনাস) নেই। সুতরাং বাংলাদেশে যারা আছে- তাদের আদিবাসী বলা যাবে না। বাংলাদেশে আছে ট্রাইবাল জনগোষ্ঠী।
“তাদের শিক্ষা ও সংস্কৃতি রক্ষার বিষয়টি সংবিধানে নিয়ে আসা হয়েছে। এখন সরকার তাদের শিক্ষা ও সংস্কৃতি রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে বাধ্য। কিন্তু তাদের আদিবাসী বলা যাবে না”, বলেন মন্ত্রী।
‘মৃত্যুদণ্ড বিলোপের পরিবেশ হয়নি’
সচিবদের আলোচনায় মৃত্যুদণ্ড বিলোপের বিষয়টি উঠে এসেছে জানিয়ে অনুষ্ঠানের পর আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থা এমন হয় নাই যে, এটাকে এখন বিলোপ করে দেওয়া যাবে। তবে ধারাবাহিকভাবে মৃত্যুদণ্ডের পরিমাণ কমে আসছে।”
মন্ত্রী বলেন, কেউ যদি বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পায়, তাহলে ডেথ রেফারেন্সের জন্য তা হাইকোর্টে আসে। হাইকোর্টে শুনানি থেকেও তিনি খালাস পেয়ে যেতে পারেন। তাছাড়া রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিলের সুযোগ রয়েছে। আপিলের রায় পুনর্বিবেচনার আবেদনও করা যায়। এরপরও কেউ চাইলে রাষ্ট্রপতির কাছে মৃত্যুদণ্ড মওকুফের আবেদন করতে পারেন।
‘দুদক আইন’
দুদক আইনের সংশোধনী শিগগিরই সংসদের তোলা হবে জানিয়ে আইনমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে অনুমতির যে বিধি যোগ করতে বলা হয়েছিল- খসড়া থেকে তা বাদ দিতে সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়।
“এ আইনে আরো বলা হয়েছে, অন্য আইনে যাহাই থাকুক না কেন, এই আইন অন্য আইনের উপরে প্রাধান্য পাবে। এ আইন অনুযায়ী দুদক দেশ বিদেশ থেকে যে কোনো ব্যক্তির সম্পদ মামলা শেষ না হওয়া পর্যন্ত এটাচড করতে পারবে। মামলায় যদি প্রমাণিত হয় যে- ওই সম্পদ অর্জিত হয়েছে অবৈধভাবে, তাহলে সরকার তা বাজেয়াপ্ত করতে পারবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এসইউ/জেকে/১৬০০ ঘ.
bdnews24