ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্র্তাদের কবরে শ্রদ্ধা জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
শনিবার দুপুরে বনানীর সামরিক কবরাস্থানে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জ্যেষ্ঠ নেতারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলের পক্ষ থেকে নিহতদের কবরে পুস্পমাল্য অর্পণ করেন।
২০০৯ এর ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন।
দুপুর সোয়া ১২টার দিকে ৪৯টি কবরে ফুল দেওয়ার পর নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন বিএনপি প্রতিনিধি দলের সদস্যরা। মোনাজাত পরিচালনা করেন উলামা দলের সাধারণ সম্পাদক শাহ নেসারুল হক।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনা প্রধান লে. জেনারেল মাহবুবুর রহমান, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ, চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে আকবর, সহসভাপতি অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল আবদুল লতিফ, মো. শাহজাহান মিয়া, অবসরপ্রাপ্ত মেজর মো. হানিফ, মিজানুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৪৪৯ ঘ.
bdnews24