ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পল্টন ময়দান, মানিক মিয়া এভিনিউ অথবা নয়া পল্টনে ১২ মার্চ মহাসমাবেশ করার অনুমতি চেয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, “মহাসমাবেশ করতে মাঠের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি। মানিক মিয়া এভিনিউ, পল্টন ময়দান অথবা নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের স্থানটি চেয়েছি আমরা।
“আমরা আশা করছি, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে অনুমতি দিয়ে মহাসমাবেশ সফল করতে সহযোগিতা করবে”, যোগ করেন রিজভী।
সর্বশেষ ২০১০ সালের ১ জানুয়ারি রাজধানীর পল্টন ময়দানে জনসভা করেছিল বিএনপি। এরপর দলটি আরো কয়েকবার ওই মাঠ ব্যবহারের অনুমতি চাইলেও পায়নি। মানিক মিয়া এভিনিউয়েও দীর্ঘদিন বিএনপির কোনো জনসভা হয়নি।
সা¤প্রতিক সময়ে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই বিএনপির অধিকাংশ বড় কর্মসূচির আয়োজন করা হয়েছে।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে র্র্নিবাচনের দাবিতে গত জানুয়ারিতে চট্টগ্রামের এক সমাবেশ থেকে ঢাকা চলো কর্মসূচি ঘোষণা করেন খালেদা জিয়া। সে অনুযায়ী, সারা দেশ থেকে বিএনপি ও চারদলের নেতা-কর্মীদের ১২ মার্চ ঢাকার মহাসমাবেশে জমায়েত করার প্রস্তুতি নিচ্ছেন কেন্দ্রীয় নেতারা।
তবে চার দলীয় জোট যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করতেই এ কর্মসূচি দিয়েছে- এমন অভিযোগ এনে সরকারের মন্ত্রী ও ক্ষমতাসীন দলের নেতারা বলেছেন, তারা শান্তিপূর্ণভাবে এই চেষ্টা প্রতিরোধ করবেন।
১২ মার্চের মহাসমাবেশে বাধা না দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে রিজভী বলেন, “আমাদের ওই কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। দয়া করে এতে বাধা দিয়ে উত্তেজনা সৃষ্টি করবেন না। আমরা আপনাদের সহযোগিতা চাই।”
এ কর্মসূচি সফল করতে জাতীয় পর্যায়ে বিএনপির ৪৫টি কমিটি জেলায় জেলায় প্রচারের কাজ চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
দেশ এখন ক্রান্তিকাল আতিক্রম করছে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, “এ সরকার অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। নানা রকম বিভ্রান্তি ও ধূম্রজাল সৃষ্টি করে ‘ঠগী’ রূপ ধারণা করেছে।”
এ সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে ১২ মার্চ ‘ঢাকা চলো’ কর্মসূচি সফল করার আহবান জানান রিজভী।
সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সিনিয়র সহসভাপতি মুনীর হোসেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, যুবদলের সাবেক নেতা কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১২৫৫ ঘ.
bdnews24