২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ মুজাহিদের অভিযোগ গঠনের শুনানি পেছালো

আইনজীবীরা আরো সময় চাওয়ায় ১১ মার্চ শুনানি শুরুর নতুন তারিখ রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2012, 05:59 AM

Updated : 24 Aug 2022, 10:50 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনজীবীরা আরো সময় চাওয়ায় যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে গেছে। ১১ মার্চ শুনানি শুরুর নতুন তারিখ রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বৃহস্পতিবার এই তারিখ ধার্য করে। এই জামায়াত নেতার বিরুদ্ধে গত ১৬ জানুয়ারি ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপনের পর ২৬ জানুয়ারি আদালত তা আমলে নিয়ে অভিযোগ গঠনের শুনানি শুরুর তারিখ দেয়। কিন্তু বৃহস্পতিবার নির্ধারিত দিনে মুজাহিদের আইনজীবী মুন্সী আহসান কবীর ট্রাইব্যুনালকে জানান, ৩৬৬ পৃষ্ঠার প্রতিবেদন তিনি এখনো পড়ে শেষ করতে পারেননি। কাজেই শুনানি শুরুর জন্য তার আরো সময় প্রয়োজন। বিচারক তার আবেদন মঞ্জুর করে জানান, মুজাহিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হবে আগামী ১১ মার্চ। একাত্তরে যুদ্ধাপরাধের ঘটনায় গত বছর ২১ জুলাই মুজাহিদের বিরুদ্ধে তদন্ত শুরু করেন তদন্ত কর্মকর্তারা। এরপর ২ অগাস্ট তাকে ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হয়। ট্রাইব্যুনালের প্রসিকিউশন গত ১ নভেম্বর মুজাহিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করে। ৩৬৬ পৃষ্ঠার ওই প্রতিবেদনে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। মুজাহিদ ছাড়াও জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা এবং সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা চলছে ট্রাইব্যুনালে। একই অভিযোগের মামলায় বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১১৫৫ ঘ.