২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যেখানে বাধা সেখানে প্রতিরোধ: আনোয়ার

বিএনপি’র ‘ঢাকা চলো’ কর্মসূচিতে যেখানে বাধা দেওয়া হবে সেখানেই প্রতিরোধের হুঁশিয়ারি দিলেন দলের স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2012, 03:26 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

চট্টগ্রাম, ফেব্র“য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি’র ‘ঢাকা চলো’ কর্মসূচিতে যেখানে বাধা দেওয়া হবে সেখানেই প্রতিরোধের হুঁশিয়ারি দিলেন দলের স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার। তিনি সরকারের উদ্দেশ্যে বুধবার বলেন, “গায়ে পড়ে অযথা ঝামেলা করবেন না, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবেন না।” চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয় চত্বরে চট্টগ্রাম বিএনপি’র উদ্যোগে ‘ঢাকা চলো’ কর্মসূচির প্রস্তুতি সমাবেশে এ কথা বলেন তিনি। চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপি যৌথভাবে এ প্রস্তুতি সভা আয়োজন করে। সাংবিধানিকভাবে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে আন্দোলনরত বিএনপি আগামী ১২ মার্চ ঢাকায় মহসমাবেশ করবে। সরকারের সমালোচনা করে এমকে আনোয়ার বলেন, “তাদের নতজানু নীতির কারণে বিএসএফ একের পর এক সীমান্তে মানুষ হত্যা করছে। এরপরও সরকার ভারতের বিরুদ্ধে মুখ খুলছে না।” প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে তিনি বলেন, “পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনার দিদি, তার কাছ থেকে কী পেয়েছেন।” আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “চট্টগ্রামের মহাসমাবেশের মতো চট্টগ্রামবাসী ঢাকা চলো কর্মসূচিকে সফল করবে। চট্টগ্রাম থেকে লক্ষাধিক লোক ঢাকার এ কর্মসূচিতে অংশ নেবে।” খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সাবেকমন্ত্রী এম মোরশেদ খান, চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ ওয়াহিদুল আলম, উত্তর জেলা সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, দক্ষিণ জেলা সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, উত্তরের সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, নগরের সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন ও দক্ষিণের সাধারণ সম্পাদক গাজী শাহজাহান জুয়েল প্রমুখ। সমাবেশ শেষে বিএনপি নেতারা নাসিমন ভবন ও কাজীর দেউরী এলাকায় ঢাকার কর্মসূচিরে সমর্থনে লিফলেট বিতরণ করেন। এদিকে সমাবেশ চালাকালীন সময়ে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে মঞ্চের বাম পাশে নগর যুবদলের দুই পক্ষের কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী বেলালের নেতৃত্বে মিছিল সমাবেশে এলে আগে থেকে অবস্থানরত ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীর পক্ষের সদস্যরা পাল্টা স্লোগান দিলে দুই পক্ষ হাতাহাতি ও চেয়ার ছোড়ায় লিপ্ত হয়। প্রায় ১০ মিনিট পর জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১২৪ ঘ.