২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি নয়: হাসিনা

প্রধানমন্ত্রী বলেছেন, দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2012, 01:34 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী বলেছেন, দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, “সব সময় একটা অঘটন ঘটিয়ে, লাশের ওপর পাড়া দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর থাকেন।” আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন দলটির সভানেত্রী হাসিনা। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, “এদের কথা ও কাজে মিল নেই।” বর্তমান সরকারের আমলে উপ-নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার নির্বাচনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “এই নির্বাচনগুলো নিয়ে কোনো অভিযোগ ওঠেনি। কোথাও কোনো গোলযোগ হয়নি।” “একটি নির্বাচনেও সরকারের পক্ষ থেকে হস্তক্ষেপ করা হয়নি- এটা মনে হয় বিরোধীদলীয় নেতার পছন্দ হয়নি।” ‘দুর্নীতিবাজ, বাংলা ভাই ও জঙ্গিবাদের স্রষ্টারা’ যেন আর রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে সেজন্য জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “বিএনপি ক্ষমতায় থাকতে বাংলাদেশ ছিল দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদের দেশ।” বিরোধীদলীয় নেতার [খালেদা জিয়া] বোধদয় হয়েছে বলেও আলোচনা সভায় মন্তব্য করেন সংসদ নেতা হাসিনা। হাসিনা বলেন, “তিনি বলেছেন, তিনি ক্ষমতায় গেলে আর প্রতিহিংসার রাজনীতি করবেন না। তার মানে, এতো দিন তিনি প্রতিহিংসার রাজনীতি করেছিলেন- সেটাই প্রমাণ করলেন।” সরকারকে ‘ল্যাংড়া-লুলা’ করে দেবেন বলে খালেদা জিয়ার দেওয়া সা¤প্রতিক বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, “সরকারকে ল্যাংড়া-লুলা করে দেওয়ার মানে হলো- যারা এই সরকারকে ভোট দিয়েছিল, তিনি [খালেদা জিয়া] সেই জনগণকে ল্যাংড়া-লুলা করে দেবেন?” “সরকার তো দেশের। তার মানে, তিনি বাংলাদেশকে ল্যাংড়া-লুলা করে দেবেন? আমরা কোনটা ধরে নেব?” তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে খালেদা জিয়ার কথায় জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, “এক সময় উনি (খালেদা জিয়া) বলেছেন, পাগল ও শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। ২০০৮ সালে বললেন, জনগণ আর তত্ত্বাবধায়ক সরকার চাইবে না।” আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপ-নেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন সভাপতিমণ্ডলীর আরেক সদস্য শেখ ফজলুল করিম সেলিম, উপদেষ্টা পরিষদের সদস্য ও রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯০৪ ঘ.