২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি না গেলেও জাপা যাবে নির্বাচনে

আগামী নির্বাচনে বিএনপি অংশ না নিলেও জাতীয় পার্টি অংশ নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2012, 12:37 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী নির্বাচনে বিএনপি অংশ না নিলেও জাতীয় পার্টি অংশ নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ। বুধবার দলের বনানী কার্যালয়ে এক সভায় তিনি বলেন, “শেষ সময়ে সম্মানজনক রাজনীতি করতে চাই। বিএনপি নির্বাচনে না এলে জাতীয় পার্টি বিরোধী দল হওয়ার জন্য নির্বাচন করবে না। ক্ষমতায় যাওয়ার জন্যই আমরা নির্বাচন করব।” তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়ে বিএনপি বলে আসছে, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না তারা। আগামী নির্বাচনের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে দলীয় কর্মীদের নির্দেশ দিয়ে এরশাদ বলেন, মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে। সংসদের তিনশ আসনে এর বেশি প্রার্থী ‘ঠিক’ রয়েছে দাবি করে তিনি বলেন, আগামীতে মানুষ লাঙল মার্কা দেখে ভোট দেবে। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশে ছিনতাই ও পুঁজিবাজারে লুণ্ঠন হবে না বলে আশ্বাস দেন তিনি। সংবিধানে উপদেষ্টার কোনো পদ না থাকলেও প্রধানমন্ত্রী উপদেষ্টা নিয়োগ করায় ক্ষোভ প্রকাশ করেন এরশাদ। “উপদেষ্টারা বাংলাদেশের চেয়ে অন্য দেশের কথাই বেশি বলেন। আমরা দুর্যোগপূর্ণ মুহূর্ত পার করছি। রাজনীতি অন্ধকারাছন্ন,” বলেন সাবেক এই সামরিক শাসক। নির্বাচন কমিশন গঠনে সুনির্দিষ্ট আইন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এরশাদ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি ঢাকা মহানগর (উত্তর) আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন এরশাদ। ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সাল চিশতীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ, মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৮৩৫ ঘ.