ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের প্রথম অংশের উপস্থাপন শেষ হয়েছে।
১৯১ পৃষ্ঠার অভিযোগের প্রথম অংশের অবশিষ্ট অংশ বুধবার বেলা ১১টা থেকে পড়ে শোনান প্রসিকিউটররা।
আগামী ২৭ ফেব্র“য়ারি অভিযোগের দ্বিতীয় অংশে ভিডিওচিত্র উপস্থাপন করবেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম।
এর আগে জেয়াদ আল মালুম অভিযোগের দ্বিতীয় অংশ উপস্থাপনের জন্য ট্রাইব্যুনালের কাছে কয়েকদিন সময় চান। আদালত তাতে সায় দিয়ে আগামী ২৭ ফেব্র“য়ারি তারিখ নির্ধারণ করে।
এদিকে সাক্ষী অসুস্থ থাকায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে নির্ধারিত সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়নি। বৃহস্পতিবার পরবর্তী সাক্ষী সাক্ষ্য দেবেন।
একাত্তরে তিন হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতা, নয় জনের বেশি নারীকে ধর্ষণ, বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর এবং একশ থেকে দেড়শ হিন্দুকে ধর্মান্তরে বাধ্য করার অভিযোগ রয়েছে সাঈদীর বিরুদ্ধে, যাকে একাত্তরে তার এলাকার লোকজন ‘দেইল্লা রাজাকার’ নামে চিনতো।
এই ট্রাইব্যুনালে গত বছরের ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে জামায়াতের এই নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় সাবেক সংসদ সদস্য সাঈদীকে। চলতি বছর ১৪ জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
সাঈদী ছাড়াও জামায়াতের চার শীর্ষ নেতা যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন- দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্ল¬¬া।
এছাড়া দলটির সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধেও ট্রাইব্যুনালে অভিযোগ উপস্থাপন চলছে।
যুদ্ধাপরাধের মামলায় এই পর্যন্ত দুই বিএনপি নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএল/১৭৩৩ ঘ.
bdnews24