ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইকোর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় চারদলীয় জোট সরকারের সময়ের জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনের জামিন আবেদন নাকচ করে দিয়েছে হাইকোর্ট।
বুধবার সকালে মোশাররফ হোসেন হাইকোর্টে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ জামিন আবেদনটি খারিজ করে দেয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম বলেন, “ওই মামলা অভিযোগ এখনো আমলে নেওয়া হয়নি। এই পর্যায়ে জামিন আবেদন গ্রহণযোগ্য নয়, এটা বিবেচনা করে আদালত জামিন আবেদন গ্রহণ করেনি।”
আদালতে মোশাররফের পক্ষে ছিলেন শাহ আলম, দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
১২ ফেব্রুয়ারি শাহবাগ থানায় একেএম মোশাররফ ও নাইকো রিসোর্সের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করে আসামীরা ৯৫ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের ল্যান্ড ক্রুজার আদান-প্রদান করেছেন। মোশাররফ গাড়ির নিবন্ধন বাবদ ২৩ হাজার ৮৩৫ টাকা এবং বিদেশে (কানাডা এবং আমেরিকায়) ভ্রমণের জন্য ৫ হাজার কানাডিয়ান ডলারের আর্থিক সুবিধা নিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এসইউ/১৪৫৯ ঘ.
bdnews24