ঢাকা, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সমাবেশে ২০০৪ সালের ২১ অগাস্ট গ্রেনেড হামলার দুই মামলার অভিযোগ গঠন বিষয়ে আগামি ২৯ ফেব্রুয়ারি আদেশ দেবে আদালত।
সোমবার গ্রেপ্তার হওয়া ও জামিনে থাকা সব আসামির অব্যাহতির আবেদন শুনানি শেষে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. শাহেদ নূর উদ্দিন এ তারিখ নির্ধারণ করেন।
পলাতক আসামি বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আইনজীবী (স্টেট ডিফেন্স) হিসেবে নিয়োগ চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান । সে আবেদনের ওপর ২৯ ফেব্রুয়ারি বিচারক আদেশ দেবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মামলায় রাষ্ট্রপক্ষের অন্যতম বিশেষ কৌঁসুলি আবুল কালাম আজাদ।
তারেক রহমানের পক্ষে মামলা পরিচালনা করার অনুমতি চেয়ে করা আবেদনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান।
সোমবার মামলায় জামিনে থাকা একমাত্র আসামি আরিফুর রহমানের পক্ষে অব্যাহতির আবেদন শুনানি শেষ হওয়ার মধ্য দিয়ে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়।
পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ এজলাসে এই শুনানি হয়।
এর আগে আদালত মামলার ৩১টি ধার্য তারিখে আসামিদের অব্যাহতির আবেদনের শুনানি গ্রহণ করে। গত বছরের ১১ সেপ্টেম্বর আসামিদের অব্যাহতির আবেদনের শুনানি শুরু হয়।
গত বছরের ৩ জুলাই সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ তারেক রহমানসহ আরও ৩০ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র আদালতে দাখিল করেন। আগের অভিযোগপত্রে আসামি সংখ্যা ছিল ২২ জন।
দুই অভিযোগপত্রের কারাবন্দি ৩২ আসামিকে সোমবার কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। ১৯ জন এখনও পলাতক রয়েছেন।
২০০৪ সালের ২১ অগাস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের জনসভায় সন্ত্রাসীরা ভয়াবহ গ্রেনেড হামলা চালায়। হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রেসিডেন্ট জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। তৎকালীন বিরোধীদলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে যান। আহত হন শতাধিত নেতা-কর্মী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৯২৬ ঘ.
bdnews24