ঢাকা, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১২ মার্চ ঢাকায় মহাসমাবেশের প্রস্তুতির জন্য বিএনপি সমর্থিত দুইটি পেশাজীবী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়া।
রোববার রাতে খালেদার গুলশান কার্যালয়ে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও অ্যাসোসিয়েশন অব এগ্রিকালচারিস্ট সংগঠনের নেতাদের সঙ্গে তার এই বৈঠক হয়।
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান এ তথ্য জানিয়ে বলেন, “মহাসমাবেশ সফল করতে করণীয় নিয়ে আলোচনার জন্য আগামী ২১ ফেব্র“য়ারি রাত ৮টায় চার দলীয় জোট ও সমমনা দলের সভা ডেকেছেন বিএনপি চেয়ারপার্সন।”
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে আন্দোলনরত বিএনপি ঢাকার ১২ মার্চের মহাসমাবেশের এ কর্মসূচি ঘোষণা করে গত মাসে।
প্রথম বৈঠকে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, প্রকৌশলী আনোয়ারুল আজীম, সালেহ আহমেদ, মুহাম্মদ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
এরপর অ্যাসোসিয়েশন অব এগ্রিকালচারিস্টের নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। সেখানে পেশাজীবী এ সংগঠনের সভাপতি আনোয়ার উন নবী মজুমদার, সদস্য সচিব হাসান জাফরি তুহিন, শামীমুর রহমান শামীম উপস্থিত ছিলেন।
দুইটি সভায়ই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/২৩১৭ ঘ.
bdnews24