২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক না হলে বিদায়: খালেদা

বিএনপিপ্রধান বলেছেন, মার্চ মাসের সমাবেশের পরের কর্মসূচির ফলে সরকারকে হয় দাবি মানতে হবে, নইলে বিদায় নিতে হবে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2012, 12:51 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

লক্ষ্মীপুর, ফেব্রুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া বলেছেন, মার্চের সমাবেশের পর এমন কর্মসূচি দেওয়া হবে যাতে সরকারকে হয় তত্ত্বাবধায়কের দাবি মানতে হবে, নইলে বিদায় নিতে হবে। লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বিকালে বিএনপির এক জনসভায় এ হুমকির পাশাপাশি সরকারকে কঠিন কর্মসূচি আসার আগেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান বিএনপিপ্রধান। তিনি বলেন, “তাদের আর কোনো গতি থাকবে না।” গত জুনে সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হওয়ার পর থেকে তা পুনর্বহালের দাবি জানিয়ে আসছে বিএনপি। এ দাবিতে আগামী ১২ মার্চ ঢাকায় সমাবেশও করবে দলটি। দলের চেয়ারপার্সন খালেদা বলেন, “নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই আগামী নির্বাচন হতে হবে। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।” “গণতন্ত্রকে রক্ষা করতে হলে অবশ্যই আওয়ামী লীগকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার মানতে হবে। বল এখন আপনাদের কোর্টে।” খালেদা লক্ষ্মীপুর আসেন গত ২৯ জানুয়ারি বিএনপির গণমিছিলে পুলিশের গুলিতে নিহত দুজনের পরিবারকে সান্ত্বনা জানাতে। ওই দিন নিহতদের স্মরণে স্থানীয় বিএনপি এ জনসভা করে। পুলিশের আচরণে ক্ষোভ প্রকাশ করে খালেদা বলেন, “পুলিশের যে বা যারা এই হত্যাকাণ্ডে সঙ্গে জড়িত থাকুক না তাদের শাস্তি দিতে হবে।” “নইলে আগামীতে বিএনপি ক্ষমতায় এলে এর বিচার করবে।” ইতিমধ্যে খালেদা জিয়া লক্ষ্মীপুরে নিহত আবুল কাশেম ও রুবেলের পরিবারকে দুই লাখ আর্থিক সহযোগিতা দেন। জনসভায় তিনি ঘোষণা দেন আহতদের চিকিৎসার জন্য সহযোগিতা দেওয়া হবে। আগামী ১২ মার্চ রাজধানীতে বিএনপির সমাবেশে লক্ষ্মীপুরবাসীকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে খালেদা বলেন, “মা-বোনরা সবাই এই কর্মসূচিতে ঢাকায় আসবেন। এই সরকারকে বিদায় করতে আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক এই কর্মসূচি পালন করব।” “সরকারকে বলব, ১২ মার্চের কর্মসূচিতে বাধা দেওয়া হলে তার সব দায় আপনাদেরই নিতে হবে। ঢাকা চলো কর্মসূচিতে বাধা দেওয়া হলে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো।” খালেদা জিয়া সার্কিট হাউজে মধ্যাহ্ন ভোজ শেষ করে মঞ্চে ওঠেন বিকাল ৪টা ২৫ মিনিটে। জনসভা শেষে রাত ৮টার দিকে তিনি ঢাকার উদ্দেশে রওয়ানা হন। প্রায় এক ঘণ্টার বক্তব্যে তিনি সরকারের বিরুদ্ধে ব্যর্থতা, অপশাসন, ভারতপ্রীতির অভিযোগ এনে সমালোচনা করেন। একইসঙ্গে তিনি নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবির যৌক্তিকতাসহ দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক চিত্র তুলে ধরেন। তার দল আগামীতে ক্ষমতায় গেলে কী কী করবে তার একটি ফিরিস্তিও দেন খালেদা। নির্দলীয় নিরপেক্ষ সরকার সাবেক প্রধানমন্ত্রী খালেদা বলেন, “তিন বছরে জনসমর্থন হারিয়ে সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করেছে। কিন্তু আওয়ামী লীগই একদিন বিএনপির অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না বলেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করেছে।” “তাদের দাবি মেনে আমরা সংবিধান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংযোজন করি।’’ ১৯৯৬ সালের ১৫ ফেব্র“য়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ। এর আগে ১৯৯৪ সালে একটি উপ-নির্বাচনে কারচুপির অভিযোগ এনে সংসদ বয়কট করতে শুরু করে দলটি। ওই বছরেরই মার্চ মাসে বিরোধী দলগুলোর দাবির মুখে ত্রয়োদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে ওই বছরের ফেব্র“য়ারির ‘বিতর্কিত’ নির্বাচনে জয়ী বিএনপি। ১৯৯৬ সালের জুন মাসে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়েছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের এ মেয়াদে গত বছরের জুন মাসে পঞ্চদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হয় যা পুনর্বহালের দাবি জানিয়ে আসছে বর্তমান বিরোধী দল বিএনপি। আওয়ামী লীগের অধীনে অতীতে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি- এ মন্তব্য করে খালেদা শনিবার বলেন, “আগামীতেও হবে না। তাই এই সরকারের অধীনে কোনো নির্বাচনে আমরা অংশ নেব না।” “দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতেও দেওয়া হবে না। খালেদা বলেন, “নির্দলীয় নিরপেক্ষ অথবা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার যে নামকরণ করা হোক না কেন, আগামী নির্বাচন সুষ্ঠু করতে হলে নির্দলীয় সরকার অবশ্যই করতে হবে।” সংশোধিত সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়াদের শেষ ৯০ দিনে ‘অন্তবর্তী সরকারের’ অধীনে হওয়ার কথা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অনুযায়ী ক্ষমতাসীন দলের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ৯০ দিনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতো। ‘দলটি গডফাদার পোষে’ আওয়ামী লীগকে গণতন্ত্র হত্যা ও সামরিক শাসন আনার জন্য অভিযুক্ত করে খালেদা বলেন, “১৯৭৫ সালের ১৫ অগাস্ট আওয়ামী লীগের নেতা খোন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে সামরিক শাসন জারি করা হয়।” “ওই সময়ের সেনাপ্রধান ও বিমানবাহিনীপ্রধান খোন্দকার মোশতাককে সমর্থন জানিয়েছিলেন। ওই দুই ব্যক্তি এখন বর্তমানে আওয়ামী লীগের সংসদ সদস্য।” ১৯৭৫ সালের ১৫ অগাস্ট একদল সেনাসদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার পরিবারের বেশিরভাগ সদস্যসহ হত্যা করা হলে বঙ্গবন্ধুর মন্ত্রিপরিষদের সদস্য খোন্দকার মোশতাক নতুন রাষ্ট্রপতি এবং জিয়াউর রহমান নতুন সেনাপ্রধান হন। এরপর অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হন জিয়াউর রহমান। সারা দেশে আওয়ামী লীগের একাধিক গডফাদার আছে অভিযোগ করে খালেদা বলেন, “সন্ত্রাসে বিশ্বাস করে বলেই দলটি গডফাদার পোষে। লক্ষ্মীপুরে একজন গডফাদার আছে। তার নাম [আবু] তাহের।” “আমাদের লক্ষ্মীপুরের নেতা নুরুল ইসলামকে তারা টুকুরো টুকরো করে হত্যা করেছে।” “এই হত্যাকারীকে, তাহেরের ছেলেকে এই সরকার মাফ করে দিয়েছে।” লক্ষ্মীপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী নুরুল ইসলাম হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএইচএম বিপ্লবের ফাঁসির রায় গত জুলাইয়ে মওকুফ করেন রাষ্ট্রপতি। বিপ্লব লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আবু তাহেরের ছেলে। ২০০৩ সালে রায় ঘোষণার পর দীর্ঘ ১০ বছরের বেশি সময় পলাতক থেকে বিপ্লব গতবছরের এপ্রিলে আদালতে আত্মসমর্পণ করেন। বিএনপি কখনো জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়নি মন্তব্য করে বিএনপি চেয়ারপার্সন বলেন, “আমরাই জঙ্গি নেতা বাংলা ভাই, আবদুর রহমানকে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করেছি।” বিচার বিভাগ ও জন প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, “যারা অন্যায়ভাবে জনগণের ওপর নির্যাতন চালাবেন, আগামীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর যারা নিরপেক্ষভাবে কাজ করছেন, তাদের আমরা পুরস্কৃত করব।” বিদ্যুতের মূল্য বৃদ্ধি তিন বছরেও সরকার দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করতে পারেনি দাবি করে খালেদা বলেন, “[তারা] একে ধ্বংস করে ফেলেছে। দলীয় ও নিজস্ব লোকদের নিয়ে বিনা টেণ্ডারে কুইক রেন্টাল প্রকল্প দিয়ে কোটি কোটি হাতিয়ে নিয়েছে তারা।” “এসব প্রকল্পের কারণে বিদ্যুতের দাম বার বার বাড়ানো হচ্ছে। আর জনগণকে দিতে হচ্ছে ভর্তুকি। কিন্তু বিদ্যুৎ সমস্যার সমাধান হয়নি।” এছাড়াও ‘নতজানু’ পররাষ্ট্র নীতি, সীমান্ত হত্যা, পুঁজিবাজার নিয়ে সরকারের ‘ব্যর্থতার’ কথা তুলে ধরেন বিরোধীদলীয় নেতা। দুপুর আড়াইটায় জনসভা শুরু হলেও বেলা ১২টা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতা-কর্মীরা মাঠে আসতে শুরু করে। দুপুর ৩টায় পুরো আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ ভরে যায়। জেলা শহরের মূল সড়ক তোরণ ও প¬্যাকার্ড-ব্যানার দিয়ে বর্ণিলভাবে সাজানো হয়। বিভিন্ন স্থানে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি সম্বলিত ‘ডিজিটাল’ ব্যানার টাঙানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০২৯ ঘ.